জিডিপি-র পরিসংখ্যান নিয়ে বিতর্ক রয়েছে, স্বীকার প্রধানমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টার
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যান নিয়ে বিতর্ক যে আছে, মেনে নিলেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মহেন্দ্র দেব। মঙ্গলবার বরানগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (আইএসআই)  একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তিনি বলেন, জিডিপি পরিসংখ্যান এখন রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। ৭.৮ শতাংশ বৃদ্ধির ঘোষণার পর কেউ কেউ বলছেন, এটা আসলে ২.৬ শতাংশ হবে! এই বিষয়টি সংবাদমাধ্যমের আকর্ষণের বিষয় হয়েছে। তবে জিডিপি­-পার্থক্য নিয়ে মতবিরোধের ব্যাপারে তাঁর ব্যক্তিগত অভিমত কী, সেই ব্যাপারে কোনো মন্তব্য করেননি এই অর্থনীতিবিদ। 

Advertisement

আইএসআইতে মঙ্গল ও বুধবার ইন্ডিয়ান অফিশিয়াল স্ট্যাটিস্টিক্যাল কনক্লেভের আয়োজন করা হয়েছে। সরকারি বিভিন্ন কাজের জন্য তথ্য পরিসংখ্যান (ডেটা) সংগ্রহ, যাচাই, তার প্রয়োগ নিয়ে এখানে একাধিক সেশনে আলোচনা। দেশ ও বিদেশ থেকে আসা বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সরকারি আধিকারিক প্রভৃতি যোগ দেবেন। আজ বুধবার একটি সেশনে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত ও কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সদস্য পুলক ঘোষ। নীতির প্রয়োজনে ডেটার বিশ্লেষণ নিয়ে ওই সেশনে আলোচনা হবে। সরকারের নীতিগত সিদ্ধান্ত, ভবিষ্যৎ পরিকল্পনা রচনার ক্ষেত্রে ডেটার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে দুদিন ধরে। 
আর্থিক ও ডেটা ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যে পরিবর্তন হয়েছে ভাষণে তার উল্লেখ করেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা। সরকারি সমীক্ষার মাধ্যমে গৃহীত তথ্য দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। অনেক সময় দেখা যায়, প্রদত্ত ডেটা ব্যবহার করা হয় নেতিবাচকভাবে। এই আশঙ্কায় ডেটা প্রদানে অনীহা প্রকাশ করা হয়। 
মঙ্গলবার কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে আইএসআইয়ের ডিরেক্টর অর্মত্য দত্ত, প্রাক্তন ডিরেক্টর বিমল রায়, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল  অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উপাচার্য স্বামী সর্বোত্তমানন্দ মহারাজ প্রমুখ। এই কনক্লেভের আয়োজন করেছে আইএসআইয়ের স্যাম্পলিং অ্যান্ড অফিশিয়াল স্ট্যাটিস্টিকস ইউনিট।