নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী শুক্রবার ধনতেরস। বিশেষ এই দিনকে সামনে রেখে কলকাতা ও জেলায় জেলায় সেজে উঠেছে সোনার দোকানগুলি। আর এই সময় সোনার তুলনামূলক কম দাম বাড়তি অক্সিজেন দিচ্ছে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষকেই। ভালো ব্যবসার আশা দেখছেন স্বর্ণ ব্যবসায়ীরা। দামের সুরাহা উশুল করতে ইতিমধ্যে শোরুমে ক্রেতারা আসতে শুরু করেছেন বলে জানাচ্ছেন তাঁরা।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দাম ছিল ১০ গ্রাম পিছু ১ লক্ষ ৩২ হাজার ১০০ টাকা। গত ৪ অক্টোবর এই দর ছিল ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ এক মাসের তফাতে দাম কমেছে ১০ গ্রাম পিছু প্রায় ১০ হাজার টাকা। দিন সাতেকের মধ্যে অন্তত চার হাজার টাকা দাম কমেছে। মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর গিয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ টাকা। হলুদ ধাতুর দরের এই ‘ফিল গুড’ পরিস্থিতি ধনতেরসে ব্যবসা বাড়াতে অনেকটা সাহায্য করবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর দে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার অন্যতম কারণ মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়া। লগ্নিকারীরা ডলারে বিনিয়োগ করছেন। আমেরিকার সুদ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। ফলে সোনায় লগ্নিতে সামান্য ভাটা চলছে।’ চাহিদা কম থাকায় হলুদ ধাতুর দর কমেছে বলেই তাঁর দাবি। সমরবাবুর কথায়, ‘কয়েকদিন ধরে দাম কম থাকায় ক্রেতাদের মধ্যে নতুন গয়না কেনার প্রবণতা তৈরি রয়েছে। সোনার দাম কিছুটা হলেও পকেট-বান্ধব হওয়ায় ক্রেতারাও খুশি। বহু মানুষ পুরানো সোনা ভেঙে নতুন গয়না গড়াচ্ছেন। সেটাও ধনতেরসের বাজারের সদর্থক দিক।’ অঞ্জলি জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অনর্ঘ উত্তীয় চৌধুরী বলেন, ‘আমাদের কাছে সমাজের সব স্তরের ক্রেতারা আসেন। ইতিমধ্যে ধনতেরসকে কেন্দ্র করে কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। এবার একদিকে যেমন সোনা ও হীরের গয়নার ভালো চাহিদা দেখছি, তেমনই রুপো ও কস্টিউম জুয়েলারির চাহিদা যথেষ্ট।’ ব্যবসায়ীরা জানাচ্ছেন, সোনার দাম যা-ই হোক না কেন, প্রতি বছর এই দিনকে মাথায় রেখে তাঁরা নানারকম অফার চালু রাখেন। সরাসরি নগদ ছাড় বা মজুরিতে আর্থিক সুরাহা যেমন থাকে, সঙ্গে থাকে হরেক উপহার। গ্রাহকরাও এ ব্যাপারে আগ্রহী থাকেন। সোনা যেহেতু অত্যন্ত দামি ধাতু, তাই দামে সামান্য সাশ্রয়ের সুযোগও হাতছাড়া করতে চান না তাঁরা। সেই হিসাবে এবার সোনার দাম কিছুটা কম থাকা ক্রেতাদের কাছে অনেকটা বোনাসের মতোই। তাই এবারের ধনতেরস প্রকৃত অর্থেই সোনায় সোহাগা হতে চলেছে।



