‘জাতীয় সংগীতকে মুছে ফেলার চক্রান্ত হচ্ছে’, আশঙ্কা প্রকাশ নির্মলা সীতারামনের স্বামীর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় সংগীত হিসাবে ‘জনগণমন অধিনায়ক’ গানটি মুছে ফেলার চক্রান্ত হচ্ছে না তো? এই প্রশ্ন তুললেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পারকলা প্রভাকর। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করে বলেছে, কোনো কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠান শুরুর আগে বাধ্যতামূলকভাবে গাইতে হবে বন্দেমাতরম গানটির ছটি অনুচ্ছেদ। জাতীয় সংগীত গাওয়া হবে তারপর।’ এখানেই প্রভাকরের আশঙ্কা, ‘এমন দিন আসতে চলেছে, যেখানে অনুষ্ঠান শুরু হতে দেরি হচ্ছে, এই অজুহাতে শুধু বন্দেমাতরমই গাওয়া হবে। দ্বিতীয় গান হিসাবে জাতীয় সংগীত গাওয়া হবে না। যতদিন না জনগণমন অধিনায়ক গানটি পাকাপাকিভাবে সরকারি অনুষ্ঠান থেকে মুছে ফেলা হচ্ছে, ততদিন এই প্রচেষ্টা চলতে থাকবে।’ এই আশঙ্কা যে তাঁর মনগড়া নয়, তার পক্ষে প্রভাকর বলেন, ‘বন্দেমাতরম নিয়ে সংসদে ১০ ঘণ্টা ধরে যে ম্যারাথন আলোচনা হয়েছে, তা খুব সচেতনভাবে নজর করলেই বিষয়টি বোঝা যাবে।’ একই সঙ্গে সাধারণ মানুষের বাকস্বাধীনতা রক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

Advertisement

তাঁর কথায়, ‘কোনো অনুষ্ঠানে কোন বক্তা কী বক্তব্য রাখবেন, স্বাধীনভাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কেড়ে নেওয়া হতে পারে। যদি দেখা যায়, প্রশাসনের তরফে বক্তার নাম ও তাঁর বক্তব্য আগেভাগে চেয়ে পাঠানো হচ্ছে, তাহলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রয়োজনে বক্তৃতা বাতিল করা হতে পারে অথবা অনুষ্ঠানস্থলের অনুমতি শেষ মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে।’ 
লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার নিজেদের ঢাক পিটিয়েছেন ও বিরোধীদের তুলোধোনা করেছেন। তা নিয়ে সমালোচনাও হয়েছে। লালকেল্লার সরকারি অনুষ্ঠান থেকে রাজনৈতিক ভাষণ দেওয়া যায় কি না, প্রশ্ন উঠেছে তা নিয়ে। অর্থাৎ দেশে শুধু একটি রাজনৈতিক দলের কথাই প্রতিষ্ঠিত হবে, অন্য কারও নয়। এমন সম্ভাবনা উসকে দিয়ে প্রভাকর কিছুটা ব্যাঙ্গের সুরে বলেন, ‘এবছর স্বাধীনতা দিবসেও লালকেল্লায় তেরঙ্গা পতাকা উড়তে দেখেছি। আগামী বছর তা দেখা যাবে কি না, নিশ্চয়তা নেই। সেখানে হয়তো অন্য কোনো রংয়ের পতাকা উড়তে পারে। সেটি কোন রং, তা নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন!’ দেশে যেভাবে গেরুয়াকরণ চলছে, তাকে খোঁচা দিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর এহেন মন্তব্য বলে মনে করা হচ্ছে।