Bartaman Logo
৩০ জুন, ২০২৬

জি রাম জি’র বিজ্ঞপ্তিই হয়নি মোদির গুজরাত, শিবরাজের মধ্যপ্রদেশে

মোদি সরকারের ভিবি-জি রাম জি প্রকল্পের বিজ্ঞপ্তি গুজরাত ও মধ্যপ্রদেশে হয়নি। রাজ্যগুলির আর্থিক অংশের অভাবে উদ্বেগ। বিস্তারিত পড়ুন।

জি রাম জি’র বিজ্ঞপ্তিই হয়নি মোদির গুজরাত, শিবরাজের মধ্যপ্রদেশে
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ সমাপ্ত হচ্ছে কুড়ি বছর ধরে চলা মনরেগা প্রকল্প। আগামী কাল ১ জুলাই থেকে কার্যকর হবে মোদি সরকারের ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন-গ্রামীণ (ভিবি-জি রাম জি)।’ আনুষ্ঠানিকভাবে জাতীয়স্তরে প্রকল্পের সূচনা হবে বৃহস্পতিবার ২ জুলাই, অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, মোদি-শাহ রাজ্য গুজরাত এবং গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নিজের রাজ্য মধ্যপ্রদেশেই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি হয়নি। একইভাবে বিজেপি শাসিত গোয়া, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো ডবল ইঞ্জিন রাজ্য সহ মোট ১৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ হয়নি।

Advertisement

সোমবার পুসা ইনস্টিটিউটে ‘রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে’ই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। জাতীয় সম্মেলনে উল্লেখ করতে হয়েছে কোন কোন রাজ্য বিজ্ঞপ্তি জারি করেছে, কারা নয়। সেখানেই উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাত এখনও রাজ্যের পক্ষে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ‘বাজেট হেড’ই করেনি। খোলা হয়নি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় বিশেষ অ্যাকাউন্টও। ই-কেওয়াইসি’র কাজও হয়েছে ৯২.৯২ শতাংশ। একইভাবে পশ্চিমবঙ্গের নতুন ডবল ইঞ্জিন সরকারেও ই-কেওয়াইসি হয়েছে মাত্র ৭৯.৮৬ শতাংশ। বিজেপি শাসিত হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সরকারও এখনো ভিবি-জি রাম-জি’র জন্য আরবিআই’য়ে খাতা খোলেনি। 
জাতীয় সম্মেলনে এই তথ্য সামনে আসায় প্রবল অস্বস্তিতে পড়েন শিবরাজ সিং চৌহান। কিছুটা ম্যানেজ করার চেষ্টায় বলেন, ‘আমি কোনো রা঩জ্যের সমালোচনা করছি না। এখনও হয়নি। শীঘ্র হয়ে যাবে। এ ব্যাপারে রাজ্যের গ্রামোন্নয়ন তো বটেই মুখ্যমন্ত্রীদেরও দৃষ্টি আকর্ষণ করছি।’ কিছুটা সতর্কের স্বরে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এবার থেকে একটা বিষয় ঠিক করেছি। গ্রামোন্নয়নে নিজেদের আর্থিক অংশ রাজ্যগুলি যতক্ষণ না দিচ্ছে, কেন্দ্রও তার অংশ ছাড়বে না। ভিবি-জি রাম-জি প্রকল্পে রাজ্য দেবে ৬০ শতাংশ। বাকি ৪০ শতাংশ দেবে কেন্দ্র। সেই মতো চলতি অর্থবর্ষে আগামী ন’মাসের জন্য কেন্দ্র তার অংশ হিসেবে ৯৫ হাজার ৬৯২ কোটি ৩১ হাজার টাকা দিচ্ছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে ৮ হাজার ৫০৮ কোটি টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ