Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬

১০ দিনের মধ্যেই চতুর্থবার, রাজধানীতে ফের কিশোরীকে গণধর্ষণ! গ্রেপ্তার এক

কিছুদিন আগেই এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠে আসে দিল্লি থেকে। সেই ঘটনা এতটাই নৃসংশ ছিল যে নাবালিকার দেহ পর্যন্ত কুকুরেও ছিঁড়ে খেয়ে ফেলেছিল।

১০ দিনের মধ্যেই চতুর্থবার, রাজধানীতে ফের কিশোরীকে গণধর্ষণ! গ্রেপ্তার এক
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫১
Prefer us on Google

নয়াদিল্লি, ২২ সেপ্টম্বর: কিছুদিন আগেই এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠে আসে দিল্লি থেকে। সেই ঘটনা এতটাই নৃসংশ ছিল যে  নাবালিকার দেহ পর্যন্ত কুকুরেও ছিঁড়ে খেয়ে ফেলেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সামনে এল আরো এক গণধর্ষণ কাণ্ড।  সোমবার পুলিশ পরিচয় দিয়ে দিল্লির কালকাজি মন্দিরের কাছে পার্কে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম আসিফ। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ এক বান্ধবীর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল ওই কিশোরী। পুজো দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দু’জনে মন্দিরের কাছের একটি পার্কে যান। অভিযোগ, সেখানে ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন যুবক তাঁদের কাছে আসে। নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয় তারা। অভিযোগ, এরপর ওই তিন যুবক কিশোরী ও তার বন্ধুকে ভয় দেখায়। এক অভিযুক্ত আগ্নেয়াস্ত্র ও ছুরি দেখিয়ে কিশোরীকে হুমকি দেয় এবং তাঁকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। পরে বাকি দুই অভিযুক্তও কিশোরীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। ঘটনার পর কিশোরী ও তার বন্ধুকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় অভিযুক্তরা। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ পুলিশকে খবর দেয় তাঁরা। কালকাজি মন্দির ও ইস্কনের মাঝের ওই পার্কে পৌঁছয় পুলিশ। কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযুক্তদের শনাক্ত করতে পার্ক এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই সঙ্গে ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত থাকা ব্যক্তিদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করে পুলিশ। অভিযুক্তদের ধরতে একাধিক দল গঠন করা হয়। তদন্তের সময় এক অভিযুক্তের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট তথ্য পায় পুলিশ। এরপর অমর কলোনির ডিএম অফিস রোড এলাকায় ফাঁদ পাতে পুলিশ। সেখানে আসিফকে আটকানোর চেষ্টা করা হলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও সে পালটা তিন রাউন্ড গুলি চালায় বলে দাবি পুলিশের। এরপর পুলিশ তার ডান পায়ে গুলি করে তাকে গ্রেপ্তার করে। 

দিল্লিতে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের একের পর এক ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত ১০ দিনের মধ্যে রাজধানীতে নাবালিকাকে ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগে এটি চতুর্থ ঘটনা। এর আগে গত ১৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগরে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে চার জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিন জনই নাবালক বলে জানা যায়। এরপর ১৬ সেপ্টেম্বর উত্তর দিল্লির সদর বাজার এলাকায় একটি দোকানের ভিতর হাত-পা বেঁধে ষষ্ঠ শ্রেণির ১০ বছরের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত ২১ সেপ্টেম্বর ফের একই ধরনের অভিযোগ সামনে আসে মধ্য দিল্লির কিশনগঞ্জ এলাকায়। সেখানে ছয় বছরের এক শিশুকে ৩৪ বছরের এক ব্যক্তি যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ। আর এবার কালকাজির ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজধানীতে নারী ও শিশুদের নিরাপত্তা। মাত্র ১০ দিনের মধ্যে পরপর চারটি ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ