Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেতু না হওয়ায় নিজতরফ গ্রামে বিয়ে নিয়েও সমস্যা, গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, দমকল

সেতু না হওয়ায় নিজতরফ গ্রামে বিয়ে নিয়েও সমস্যা, গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, দমকল
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি: সেতু হয়নি। ভরসা সাঁকো। সেটিও বেহাল। বর্ষায় তার অস্তিত্বই থাকে না। ফলে যাতায়াতে চরম সমস্যায় পড়েন হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের ৩৯ নম্বর নিজতরফ এলাকার বাসিন্দারা। যোগাযোগ সমস্যার জেরে এই গ্ৰামের ছেলে মেয়েদের বিয়ে নিয়ে সমস্যা হয় বলে অভিযোগ। প্রতিবছর বর্ষায় চাঁদা তুলে নতুন করে সাঁকো তৈরি করেন গ্ৰামবাসী। বর্ষায় জলের স্রোতে তার অস্তিত্ব থাকে না। নদীতে সেতু তৈরি করে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। 

Advertisement

মিলন রায় নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এই গ্ৰামে ৪২টি পরিবারের বসবাস। সেতু তৈরি না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। এর সমাধান হওয়া দরকার। ভোটের আগে প্রশাসনের কর্তা, বিধায়ক সহ বিভিন্নস্তরের জনপ্রতিনিধি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরে সেই দাবি আর পূরণ হয়নি। বর্ষায় বাসিন্দাদের থেকে চাঁদা তুলে সাঁকো তৈরি করা হয়। আমরা চাই দ্রুত সেতু তৈরি করা হোক। 
এবিষয়ে আরএক গৃহবধূ অঞ্জলী বর্মনের অভিযোগ, সেতু না থাকায় বর্ষাকালে ছাত্রছাত্রীরা ভয়ে স্কুলে যেতে চায় না। গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুল্যান্স সহ কোনও যানবাহন। জরুরিপ্রয়োজনে গ্রামে ঢুকতে পারে না দমকলের ইঞ্জিনও। গ্রামের বাইরে খোলা আকাশের নীচে চারচাকার বাহন সহ টোটো রেখে হেটে সাঁকো পেরিয়ে গ্রামে ঢুকতে হয়। এমনকি সেখানেই টোটোর ব্যাটারি চার্জ দিতে হয়। আমরা চাই দ্রুত সেতু তৈরির ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসনের আধিকারিকরা। 
এবিষয়ে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় বলেন, সেতু তৈরির দাবির বিষয়টি নিয়ে আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ