সংবাদদাতা, রামপুরহাট: প্রতি বছর হাটতলা সর্বজনীনের দুর্গাপুজো ঘিরে রামপুরহাট শহরবাসীর বাড়তি উন্মাদনা থাকে। শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম। প্রতি বছরই নিত্যনতুন থিমের পুজোর উপহার দিয়ে আসছে তারা। ৭২-এর আঙিনায় তাদের এবারের টিম ‘ঐতিহ্যের দরবারে’। রথের দিন খুঁটিপুজোর মধ্য দিয়ে জোরকদমে সেই প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে। ওইদিন পুজোর থিম উন্মোচন করেন পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত। তাঁদের ভাবনা মণ্ডপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলবেন জেলার বিশিষ্ট শিল্পী যতীন্দ্রনাথ মণ্ডল। প্রাচীন রাজবাড়ির আদলে মণ্ডপ গড়ে উঠছে। প্রতিমা গড়ে তুলছেন বর্ধমানের পাটুলির শিবনাথ হাজরা।
গতবছর ‘সময়’ থিমের মাধ্যমে প্রলয় থেকে সৃষ্টি, জাগতিক থেকে মহাজাগতিক ও অন্ধকার থেকে আলো ফুটিয়ে তুলে জেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল তারা। পুজোর কয়েকদিন ব্যাপক ভিড় হয়েছিল। পুজোর অন্যতম উদ্যোক্তা প্রশান্ত রায় বলেন, রাজবাড়ির আদলে মণ্ডপসজ্জা হবে। দেখে মনে হবে রাজবাড়ির দালানে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। থিমের সঙ্গে প্রাচীন ঐতিহ্যের এই পারস্পরিক মেলবন্ধন এক অন্য স্বাদ দেবে বীরভূমবাসীকে। প্রবীণ ও প্রতিবন্ধী মানুষদের কথা ভেবে এবারও ফেসবুকের মাধ্যমে লাইভ করা হবে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবারও তাদের থিম সং প্রকাশ করা হবে। এবারও হাটতলা সর্বজনীনের থিম সং লিখেছেন প্রশান্তবাবু। দুঃস্থদের মধ্যে অন্ন, বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই পুজো কমিটি।
চেয়ারম্যান বলেন, হাটতলা সর্বজনীন দুর্গোৎসব বরাবরই এক ঐতিহ্য বহন করে। রামপুরহাট তথা জেলাবাসী এই পুজোর দিকে তাকিয়ে থাকে। এবারও আশা করছি সেই ধারা বজায় থাকবে।