দত্তপুকুর-হাবড়ায় চুরি, আতঙ্ক
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ির দরজার তালা ভাঙতে ব্যবহার করা হল বারুদ! এভাবে বাড়িতে ঢুকে আলমারির লকার ভেঙে সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার রাতে বামনগাছির এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দত্তপুকুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, বাড়ির মালিক সুফিয়া বিবি দিনতিনেক আগে মেয়ের বাড়ি কদম্বগাছিতে যান। ফাঁকা বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, প্রথমে দরজার তালায় বারুদ লাগিয়ে আগুন ধরানো হয়। তালা ভেঙে ভিতরে ঢোকে তারা। এরপরে লকার ভেঙে সোনা-রুপোর গয়না নিয়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে চুরির বিষয়টি নজরে আসে সুফিয়ার। তিনি বলেন, লক্ষাধিক টাকার গয়না ও সামগ্রী খোয়া গিয়েছে। 

Advertisement

অন্যদিকে, ভিক্ষা করার অছিলায় বাড়িতে ঢুকে নগদ টাকা ও ব্যবসার জরুরি সামগ্রী চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। রবিবার সকালে হাবড়ার শ্রীনগরের এই ঘটনায় শোরগোল পড়েছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, শ্রীনগরের বাসিন্দা অরুণ চট্টোপাধ্যায় বড়বাজারে প্লাস্টিকের ব্যবসা করেন। রবিবার সকালে বাজার থেকে ফিরে তিনি একতলার ঘরে মানিব্যাগ রেখে দোতলায় জলখাবার খেতে যান। মিনিট দশেক পর নীচে নেমে অরুণবাবু দেখেন, গেট ও দরজা খোলা। উধাও মানিব্যাগ। পরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করান তিনি। তাতে দেখা যায়, সকাল ১০টা ৪৫ থেকে ১০টা ৫৫ মিনিটের মধ্যে দুই শিশুকে সঙ্গে নিয়ে এক মহিলা বাড়িতে ঢুকে বেরিয়ে যাচ্ছেন। অরুণের অভিযোগ, ভদ্রস্থ পোশাক পরা ওই মহিলা আগেও বহুবার অভাবের কথা বলে তাঁর থেকে সাহায্য নিয়েছেন। বাড়িতে আসা ওই মহিলাই এই ঘটনা ঘটিয়েছেন।