Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিকেলের পর শহরে আবহাওয়ার পরিবর্তন, নামল বৃষ্টি, চলবে সপ্তাহজুড়ে

রবিবারের বিকেলে আকাশ কালো করে বৃষ্টি শুরু হল শহর কলকাতায়। সঙ্গে বইতে থাকে দমকা হাওয়া। অবশ্য আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর।

বিকেলের পর শহরে আবহাওয়ার পরিবর্তন, নামল বৃষ্টি, চলবে সপ্তাহজুড়ে
  • ৭ জুন, ২০২৬ ১৭:২৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবারের বিকেলে আকাশ কালো করে বৃষ্টি শুরু হল শহর কলকাতায়। সঙ্গে বইতে থাকে দমকা হাওয়া। অবশ্য আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছিল, আজ বিকেলের পর শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি। এর পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এই তালিকায় তিলোত্তমার পাশাপাশি ছিল হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দুই পরগনার নাম। জানানো হয়েছে, চলতি সপ্তাহ জুড়ে অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি। তবে এর ফলে গ্রীষ্মের দাবদাহের হাত থেকে খুব একটা রেহাই মিলবে না।  হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে, দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির নাম। এর মধ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।

Advertisement

বর্তমানে মৌসুমী অক্ষরেখা রোহতক, রেওয়া, রাঁচি, ক্যানিং হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশের একাংশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। মূলত এর ফলেই পশ্চিমবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আজ, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ০.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ছিল প্রায় ০.৬ ডিগ্রি কম।

অন্যদিকে, দক্ষিণ ভারতের কেরল ও উপকূলীয় কর্ণাটকে ইতিমধ্যেই মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। এর ফলে সেই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আরব সাগর এবং বঙ্গোপসাগরের একাংশে সমুদ্র উত্তাল থাকতে পারে। সেজন্য মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ