সংবাদদাতা, জঙ্গিপুর: বৃহস্পতিবার সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করতে বুথমুখী হলেন প্রার্থীরা। রঘুনাথগঞ্জ থেকে জঙ্গিপুর, সামশেরগঞ্জ থেকে সাগরদিঘি, সব জায়গাতেই এদিন ছবিটা ছিল মিশ্র। একদিকে যেমন প্রার্থীরা বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছেন, তেমনই অন্যদিকে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অভিযোগ ও উত্তাপের ছবিও উঠে এসেছে। তবে, সব মিলিয়ে মোটের উপর একপ্রকার নির্বিঘ্নেই প্রথম দফার ভোট দান সম্পন্ন হয়।
এদিন সকাল সকালই রঘুনাথগঞ্জের সম্মতিনগরে ১৩৫ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিদায়ী বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী আখরুজ্জামান। ভোট দিয়ে বেরিয়ে এসেই হাসিমুখেই জয়সূচক চিহ্ন দেখান তিনি। এরপরই তিনি বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। নিজের জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলেই মনে হয়েছে। অন্যদিকে, রঘুনাথগঞ্জের কংগ্রেস প্রার্থী নাসির শেখের দাবি, সেকেন্দ্রায় তাঁর এলাকার ৫৬ বুথ কেন্দ্রীয় বাহিনী ছাড়াই চলছে ভোটগ্রহণ। যা নিয়ে তিনি সুর চড়িয়েছেন। এই বুথে ছাপ্পা ভোটের আশঙ্কা করছেন তিনি। নির্বাচনি ডামাডোলের মধ্যেও অবশ্য দেখা গিয়েছে প্রচারের অন্য ছবি। জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী জাকির হোসেনকে দেখা গেল টোটোয় চড়ে ভোট দিতে যেতে। সাধারণ মানুষের ভিড়ের মাঝে তাঁর এই যাতায়াত নজর কাড়ে অনেকেরই। আবার সামশেরগঞ্জের জাতীয় কংগ্রেস প্রার্থী নাজমে আলম ভোট পর্ব খতিয়ে দেখার ফাঁকেই পাড়ার মোড়ে সেরে নিলেন জলযোগ। তবে সকাল থেকেই সব জায়গা শান্তিপূর্ণ ছিল না। এদিন সাগরদিঘিতে ভোট চলাকালীন বচসায় জড়িয়ে পড়েন বাইরন বিশ্বাস। তাঁর অভিযোগ, এক ব্যক্তি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। শুধু তাই নয়, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি বাইরনের। বাইরন বিশ্বাস বলেন, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান সাধারণ পোশাকে ছিলেন। তাঁর বাড়ি সাগরদিঘিতেই। ভোট দিতে এসে তিনি ভোটারদের প্রভাবিত করেছিল। বিজেপির দালালি করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকেও বুথে যেতে বাধা দেয়। অন্যদিকে, জঙ্গিপুরের বিজেপি প্রার্থী চিত্ত মুখোপাধ্যায় স্কুটারে চেপে বিভিন্ন বুথ ঘুরে দেখেন। সূতির বিজেপি প্রার্থী মহাবীর ঘোষ ভোট দিয়ে আত্মবিশ্বাসের সুরে বলেন, এবার আমরাই সরকার গড়ছি। অন্যদিকে, সামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাজমে আলম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, জয় শুধু সময়ের অপেক্ষা। ফরাক্কার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম বলেন, সকাল থেকেই মানুষ এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগে শামিল হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের যাতায়াত, বুথ পরিদর্শন এবং অভিযোগ, পাল্টা অভিযোগের জেরে জমজমাট রইল রাজনীতির আঙিনা। • নিজস্ব চিত্র