Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, মার্সেইয়ের বিরুদ্ধে জয়ের খোঁজে রিয়াল মাদ্রিদ, নামছে আর্সেনাল-টটেনহ্যামও

মঙ্গলবার নতুন মরশুমে বল গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। প্রথমদিনেই মাঠে নামছে টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে স্প্যানিশ ক্লাবটির প্রতিপক্ষ মার্সেই।

আজ শুরু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, মার্সেইয়ের বিরুদ্ধে জয়ের খোঁজে রিয়াল মাদ্রিদ, নামছে আর্সেনাল-টটেনহ্যামও
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: মঙ্গলবার নতুন মরশুমে বল গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। প্রথমদিনেই মাঠে নামছে টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে স্প্যানিশ ক্লাবটির প্রতিপক্ষ মার্সেই। গতবার কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের কাছে হেরে ইউরোপ সেরার লড়াই থেকে বিদায় নিয়েছিলেন কিলিয়ান এমবাপেরা। এরপরই রিয়াল শিবিরে ঘটে বড় পরিবর্তন। কোচের পদে কার্লো আনসেলোত্তির জায়গায় দায়িত্ব নেন তাঁরই শিষ্য জাবি আলোন্সো। প্রাক্তন এই স্প্যানিশ মিডিওর প্রশিক্ষণে ক্লাব বিশ্বকাপে দাগ কাটতে ব্যর্থ রিয়াল। তবে নতুন মরশুমে শুরুটা দারুণ করেছে ‘লস ব্ল্যাঙ্কোস’। লা লিগায় প্রথম চারটি ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছেন ভিনিসিয়াসরা। এবার চ্যাম্পিয়ন্স লিগের আসরেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য তাঁদের। অতীতে মার্সেইয়ের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে চারবারের লড়াইয়ে প্রতিবারই শেষ হাসি হেসেছে রিয়াল। এবারও সেই ধারা বজায় রাখতে চাইবে আলোন্সো-ব্রিগেড। উল্লেখ্য, গত মরশুম থেকে ৩৬ দলে নতুন ফরম্যাটে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। গ্রুপ পর্বে সেরা আটটি দল সরাসরি নক-আউটের টিকিট নিশ্চিত করবে। আর পরের ১৬টি দল খেলবে প্লে-অফের লড়াই। গতবার শুরুটা মোটেই ভালো হয়নি রিয়ালের। এবার অবশ্য গ্রুপ পর্বে প্রথম আটে শেষ করাই লক্ষ্য তাদের।

Advertisement

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার। গত মরশুমে ইউরোপা লিগ জয়ের সুবাদে এবার টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করে প্রিমিয়ার লিগের ক্লাবটি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইপিএলে তৃতীয় স্থানে রয়েছে টমাস ফ্র্যাঙ্কের ছেলেরা। চ্যাম্পিয়ন্স লিগেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাদের। অন্য ম্যাচে অ্যাথলেতিক ক্লাবের বিরুদ্ধে লড়াইয়ে নামবে আর্সেনাল। আর জুভেন্তাসের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ