নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও একবার ময়দানের পাশে দাঁড়াল রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়ে দিলেন, চলতি আইএসএলে বিনা ভাড়ায় যুবভারতীতে ম্যাচ আয়োজন করতে পারবে মোহন বাগান, ইস্ট বেঙ্গল। ক্রীড়ামন্ত্রীর মন্তব্য, ‘ভারতীয় ফুটবলে ঐতিহ্যশালী দুই প্রধানের অবদান অনস্বীকার্য। সদস্য-সমর্থকদের আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।’
হোম ও অ্যাওয়ে ভিত্তিতে আইএসএল আয়োজিত হচ্ছে। প্রতিটি দল ১২টি করে হোম ম্যাচ খেলবে। ঘরের মাঠে ম্যাচ আয়োজনের খরচ প্রচুর। এই পরিস্থিতিতে যুবভারতীর ভাড়া মুকুব হওয়ায় স্বস্তিতে দুই প্রধান। মোহন বাগান সভাপতি দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘সরকারকে ধন্যবাদ। এই সিদ্ধান্তকে কুর্নিশ।’ ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘এর আগে এএফসি ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও পাশে ছিল সরকার। মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।’ এদিকে, আই লিগ শুরুর আগে নতুন কো স্পনসর পেল মহমেডান স্পোর্টিং। আসবাব প্রস্তুতকারী সংস্থা তাদের পাশে দাঁড়াল। বুধবার ১০ জন ফুটবলার নিয়ে শুরু হয় প্র্যাকটিস।



