নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। কাল, সোমবার তা ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হবে। কিন্তু ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি কী হবে, অর্থাৎ এটি উপকূলের কোন দিকে যাবে, তা নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত নয় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এটি বুধবার বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোনে) পরিণত হবে বলে জানানো হলেও চূড়ান্ত অভিমুখের ব্যাপারে কোনো ইঙ্গিত এদিন দেওয়া হয়নি। যদিও দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বৃষ্টির মাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা অবশ্য বলছেন, ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূল বা তার কাছাকাছি আসবে ভেবে এমন এই পূর্বাভাস দেওয়া হয়নি। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে এখানে বৃষ্টি হবে।
শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আজ, রবিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গত ১৫-২০ দিনের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী হয়ে যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, তার অভিমুখ (অন্ধ্র উপকূলের দিকে) কয়েকদিন আগেই নিশ্চিত করে জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর। কিন্তু ‘আকভান’-এর ক্ষেত্রে এর সম্ভাব্য গতিপথের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া বিভিন্ন আবহাওয়া মডেলগুলিও এ ব্যাপারে এখনও নিশ্চিত নয়। আবহাওয়াবিদরা বলছেন, সমুদ্রে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটি কোন দিকে যাবে বা এর তীব্রতা কতটা হবে, তা জলের তাপমাত্রা, বায়ু চাপের তারতম্য, বায়ুমণ্ডলের উপরের ও মধ্যবর্তী স্তরে বায়ু প্রবাহের গতিপ্রকৃতি সহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এই মাপকাঠিগুলি এখনও নিশ্চিত না হওয়ার জন্যই নির্দিষ্টভাবে ঘূর্ণিঝড়ের অভিমুখ বলা যাচ্ছে না। কয়েকদিন আগেও এর অভিমুখ নিয়ে বিভিন্ন মডেলের মধ্যে পার্থক্য ছিল। কোনো কোনো মডেল জানিয়ে দেয়, এটি অন্ধ্র উপকূলের দিকেই যাবে। আবার বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় কয়েকটি মডেল। আবহাওয়াবিদরা বলছেন, অভিমুখ অপরিবর্তিত অর্থাৎ উত্তর-পশ্চিম দিকে থাকলে ঘূর্ণিঝড়টির অন্ধ্র উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু সমুদ্রের মধ্যে বাঁক নিয়ে অভিমুখ পরিবর্তন করলে তা মায়ানমার-বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের দিকেও চলে আসতে পারে।
আবহাওয়া দপ্তর এদিনও জানিয়েছে, বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও কলকাতার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।



