সংবাদদাতা, উলুবেড়িয়া: জগদ্ধাত্রী পুজো। গোটা বাংলা জুড়ে উৎসবের আমেজ। সার্বজনীনের পাশাপাশি একাধিক বাড়িতেও ধূমধাম সহকারে পুজো হয়। বহু বনেদি পরিবারেও পুজো হয়। হাওড়ার জগৎবল্লভপুরে পাতিহালে রামপুর গ্রামের গোস্বামী (চ্যাটার্জি/উকিল) বাড়ির পুজো নামকরা পুজোগুলির অন্যতম। স্থানীয়দের কাছে এই পরিবারের দেবী খুবই জাগ্রত বলে পরিচিত। ভক্তদের বিশ্বাস, দেবী সবার ইচ্ছাপূরণ করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবেন্দ্রনাথ গোস্বামী পুজো শুরু করেছিলেন। তারপর প্রতিবছর নিয়ম ও নিষ্ঠা সহকারে পুজো হয়ে চলেছে। পরিবারের প্রবীণ সদস্য শ্যামল চট্টোপাধ্যায় বলেন, প্রতিবছর নবমী তিথিতে ধুমধাম সহকারে মায়ের পুজো হয়। সারাদিনব্যাপী পুজো, অর্চনা, হোম, যজ্ঞ চলে। অন্ন, পোলাও, বিভিন্ন তরকারি ভোগ দেওয়ার পাশাপাশি পরিবার প্রতিষ্ঠিত পুকুরের মাছ দেওয়ার রীতি এখনও আছে। পুজো উপলক্ষ্যে আসা ভক্তদের ভোগ-প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে। দশমীতে আতসবাজি পোড়ানো হয়। বাড়ির পাশে কৌশিকী নদীতে প্রতিমা বির্সজন হয়। এখনও গ্রামবাসীদের অনেকে রাত্রিতে বিভিন্ন রূপে মায়ের অস্তিত্ব অনুভব করেন। পরিবারের যে সদস্যরা কর্মসূত্রে বাইরে থাকেন তাঁরা এসে পুজোয় অংশ নেন।



