ঘাটালে আড্ডাঘরের কালীপুজোর থিম ‘সংবাদ সরণি’
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: একসময় বাঙালির সকাল শুরু হত চায়ের কাপ ও খবরের কাগজে। পাড়ার ক্লাব বা লাইব্রেরিতে গিয়ে পত্রিকা পড়ার অভ্যাসও ভালোই ছিল। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে নবীন প্রজন্মের চোখ আটকে থাকে স্মার্টফোনের স্ক্রিনেই। তাই সেই দিনগুলির কথা মনে করিয়ে দিতে কালীপুজোয় অভিনব উদ্যোগ নিল ঘাটাল শহরের কোন্নগরের ‘আড্ডাঘর’। অষ্টম বর্ষে তাঁদের পুজোর থিম ‘সংবাদ সরণি’। উদ্দেশ্য একটাই, ডিজিটাল যুগে মানুষকে সংবাদপত্র, পত্রিকা পড়ার পুরনো অভ্যাসে ফিরিয়ে আনা।

Advertisement

এই মণ্ডপে পা রাখলেই এক ভিন্ন জগতে পৌঁছে যাবেন দর্শনার্থীরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বাইরের কোনো পেশাদার শিল্পী নন, বরং ক্লাবের সদস্যরা নিজেদের হাতেই এই অপরূপ মণ্ডপ সাজিয়ে তুলেছেন। মণ্ডপের প্রতিটি কোণ বিভিন্ন সংবাদপত্রের পাতা দিয়ে নিখুঁত দক্ষতায় গড়ে তোলা হয়েছে। প্রতিবারই নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এমন নতুন কিছু করার চেষ্টা করেন এই পুজো উদ্যোক্তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
উদ্যোক্তাদের মধ্যে সৌগত ঘোষ ও দেবকান্তি ঘোষ বলেন, ‘সংবাদ সরণি’ কেবল একটি শৈল্পিক নিদর্শন নয়, এর নেপথ্যে এক গভীর সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, মণ্ডপের দেওয়ালে সাঁটানো কাগজের পাতাগুলি দর্শনার্থীদের মনে খবরের কাগজ ও পত্রিকা পড়ার অভ্যাসের স্মৃতি উসকে দেবে। সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে আড্ডাঘরের এই কালীপুজো তাই শুধু দৃষ্টি আকর্ষণই করছে না, এক সুস্থ ও সচেতন সমাজ গড়ার বার্তা দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করছে।