সংবাদদাতা, নবদ্বীপ: আগামী ২৪নভেম্বর রাসপূর্ণিমা। রাসে নবদ্বীপ শহরে বৈষ্ণব, শাক্ত ও শৈব মতে ৪০০’র বেশি দেবদেবীর প্রতিমার পুজো হয়ে আসছে। রাসের বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিমার মধ্যে অন্যতম ফাঁসিতলা চড়ার শ্রীশ্রী অন্নপূর্ণা মাতা। স্বেচ্ছাসেবক সংঘের সহযোগিতায় ফাঁসিতলা চড়া শ্রীশ্রী অন্নপূর্ণা মাতা বারোয়ারি কমিটির উদ্যোগে এই পুজো হয়।
অন্নপূর্ণা মাতার পুজো এবার ৫০তম বর্ষে পা দিয়েছে। সুবর্ণজয়ন্তী বর্ষে পুজোর থিম ‘বেঙ্গালুরুর কৃষ্ণমন্দির’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাধুনিক আলোকসজ্জার সাহায্যে প্রায় ৭০ফুট উঁচু সুদৃশ্য প্রবেশদ্বারও তৈরি করা হচ্ছে। দেবী এখানে দ্বিভুজা। তাঁর এক হাতে রয়েছে পিতলের হাঁড়ি, অন্য হাতে হাতা। অন্নদাত্রী দেবী ভক্তদের অন্ন বিতরণ করছেন-প্রতিমায় সেই রূপই ফুটিয়ে তোলা হয়েছে। দেবীর এক পাশে রয়েছেন মহাদেব, অন্য পাশে নন্দী।
পুজো কমিটির সম্পাদক অরিন্দম চক্রবর্তী বলেন, পুজোর দিন সকাল থেকেই এলাকার মহিলারা উপোস রেখে সমস্ত আয়োজন করেন। পুজো শেষে ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। আগামী ২২নভেম্বর রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এই পুজোর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।
পুজো কমিটির সভাপতি সুদাম সাহা ও সহ-সভাপতি প্রশান্ত পাল বলেন, এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় অনেকদিন ধরে আমরা এই পুজোর আয়োজন করে আসছি। পুজোর দিন প্রায় দেড়হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে। পুজো কমিটির কোষাধ্যক্ষ রাজকুমার গোস্বামী বলেন, মূলত ক্লাবের সদস্যদের চাঁদাতেই পুজো আয়োজিত হয়। সেইসঙ্গে স্থানীয়রাও সহযোগিতা করেন।
ক্লাবের সম্পাদক সুরজিৎ নন্দী বলেন, এবার আমরা নবমী পুজো দিতে যাব। তবে আমাদের থিমের পুজো হওয়ায় শোভাযাত্রায় প্রতিমা বের করা হবে না। আগামী ২২-২৭নভেম্বর পুজো মণ্ডপেই প্রতিমা থাকবে।



