মঙ্গল ঘোষ, মালদহ: তপ্ত রোদে মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা ঘর তৈরি করেন। তাঁদের পরিশ্রমে গড়ে ওঠে আকাশ ছোঁয়া বহুতল। যুগ যুগ ধরে ‘ওরা কাজ করে।’ তাঁদের তৈরি করা ঘরে সুখে সংসার করে বড়ো লোকেরা। বিশাল বিশাল বাড়ি তৈরি করেও রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিকদের থাকতে হয় কুঁড়ে ঘরে। তাঁদের নিজেদের পাকা বাড়ি নেই। এবারে এই নির্মাণ শ্রমিকদের সংঘর্ষময় জীবনকাহিনি ফুটিয়ে তুলবে ইংলিশবাজার শহরের ঘোড়াপীর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের ২৮ তম বর্ষে এবারের থিম ‘রইল না মোর ঘরের চাবি মোদের কাছে’।
শনিবার বেশ জাঁকজমকভাবে এই ক্লাবের খুঁটিপুজো হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক কমল ঘোষ, সভাপতি সন্তোষ কর্মকার, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলার কাকলি কর্মকার সহ ক্লাবের অন্য সদস্যরা।
ইংলিশবাজার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের একেবারেই শেষ প্রান্তে ঘোড়াপীর। কয়েক বছর ধরে পুজোয় চমক দেয় এই পুজো কমিটি। ক্লাব সম্পাদক বলেন, প্রতিবছর আমরা থিম করি। সব ভাবনা নিজেদের। এবার রাজমিস্ত্রি, শ্রমিকদের কথা তুলে ধরা হবে। তাঁরা পাকা ঘর তৈরি করেন, কিন্তু নিজেরা থাকেন কুঁড়ে ঘরে। পাকা ঘর নির্মাণ করে চাবি প্রকৃত মালিককে দিয়ে দেন। থিমে বড় বিল্ডিং, টিনের ঘর দেখানো হবে। প্রতিমায় থাকছে সাবেকিয়ানা। চন্দননগরের আলোকসজ্জা থাকবে। - নিজস্ব চিত্র