কাজল মণ্ডল, ইসলামপুর: আজ, রবিবার ডালখোলার জাগরণী সংঘের কালীপুজোর উদ্ধোধন। এবারে তাদের কালীপুজোর থিম ‘ভারসাম্য’। শহরের বিগবাজেটের পুজোগুলির মধ্যে জাগরণী অন্যতম। উদ্যোক্তারা প্রতিবছর নতুন নতুন ভাবনার থিম সাজিয়ে তোলেন। গত ৩৭ বছর ধরে কালীপুজোয় নানা চমক দেয় এই ক্লাব। ৩৮ তম বর্ষে এবারও পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী আয়োজকরা।
পুজো কমিটির সভাপতি তথা টাউন তৃণমূলের সভাপতি অভিজিৎ দে (টিটুন) বলেন, এবার আমাদের পুজোর বাজেট ১০ লক্ষ। ৮ অক্টোরব খুঁটিপুজো হয়েছিল। ১৯ অক্টোবর পুজো মণ্ডপের উদ্বোধন হবে। ভারসাম্য থিমের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যকে তুলে ধরা হয়েছে।
একসময় একস্থান থেকে অন্যস্থানে যেতে ভরসা ছিল গোরুর গাড়ি। সেসময়কার প্রকৃতিও ছিল সতেজ সবুজ। বর্তমানে উন্নত সভ্যতা আমাদের হাতে এনে দিয়েছে মোবাইল ফোন। গ্রাম থেকে শহর- সর্বত্রই মোবাইল ফোনের টাওয়ার। এর প্রভাব পড়েছে পরিবেশে। ক্লাব কর্তাদের দাবি, এর ফলে সবুজ গাছপালা মরে যাচ্ছে। পরিবেশ রক্ষার বার্তা দিতেই তাদের থিম ‘ভারসাম্য’। যা থিমের মাধ্যমে তুলে ধরা হবে।
উদ্যোক্তারা জানিয়েছেন, পানপাতার আদলে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। কাপড়ের উপর শুকনো ডালপালা দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। মণ্ডপের ভিতরে ঢুকলেই দু’দিকে দেখা যাবে ভিন্ন চিত্র। একদিকে গোরুর গাড়ি, নৌকা থাকবে। যা পুরানো দিনের ইঙ্গিত বহন করবে। সেই স্থানটি থাকবে সবুজে ঘেরা, বহু গাছপালায় সন্নিবিষ্ট। অন্যদিকে থাকবে বড় বড় টাওয়ার। সেদিকে থাকবে শুকনো ও মৃত গাছপালা।
গোটা মণ্ডপে থাকবে টবে লাগানো পাতাবাহার গাছ। বাঁশ, শুকনো ডাল, প্লাস্টিকের পাতাবাহার সহ বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায়। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে থাকছে বাহারি আলোকসজ্জাও।