সংবাদদাতা, বিষ্ণুপুর: পাত্রসায়রের বালসি সৃজনী সংঘের এবার পুজোর থিম ‘জনজাতির জগদম্বা’। বালসি বাল্লেশ্বরতলার ওই পুজোয় আদিম জনজাতি অরণ্যের দুর্গম এবং ভয়ানক পরিবেশে নানা প্রতিকূলতার মধ্যেও কীভাবে অতি সরলভাবে জীবনযাপন করতেন, সেই ছবি মণ্ডপে তুলে ধরা হয়েছে। এবারের পুজো ২৬তম বর্ষে পড়েছে। পুজো কমিটির সদস্য প্রদীপকুমার দে, সোমনাথ দলাল বলেন, আমাদের মণ্ডপে আদিম যুগের মানুষের জীবনযাত্রার চালচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপে পোড়ামাটি ও ফাইবারের বড়ো বড়ো মুখোশ থ্রিডি ফিল্ম প্রিন্টিং করা হয়েছে। এছাড়াও নারকেলের ছোপড়া, পালক, ঘাস পাতা, পাটকাঠি কাপড়ের ঝালর, বল্লম ও রঙিন ফিতে দিয়ে তা সাজানো হয়েছে। মণ্ডপের সামনেই রয়েছে বিশাল এক দানব মূর্তি। কিন্তু, আমাদের প্রতিমায় শান্ত ও স্নিগ্ধ রূপ ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ, দেব ও দানবের মিলন ক্ষেত্র হিসাবে দেখানো হয়েছে।
কমিটির অপর সদস্য রাজকুমার দত্ত, নিশিথ আদক বলেন, অন্যান্য বছরের মতো এবারও আমরা সরকারি অনুদান পেয়েছি। সেই সঙ্গে গ্রামের মানুষের সাহায্যের উপর নির্ভর করে পুজো হয়। পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। অষ্টমীর দিন প্রসাদ বিলি হবে।
কমিটির অপর সদস্য রণজিৎ গড়াই বলেন, আমাদের পুজোর এবারের বাজেট ৭লক্ষ টাকা। প্রতিমা শিল্পী রয়েছেন নাড়ু গোপাল সূত্রধর। আলোকসজ্জা করছেন সজল চৌধুরী। মণ্ডপ সজ্জা করেছেন নির্মল দে। বালসি ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে দর্শনার্থীরা আমাদের পুজো দেখতে আসেন।



