বাইক কেনার জন্য সরকারি কর্মীদের ঋণ দেবে রাজ্য
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের স্থায়ী কর্মীদের টু হুইলার (মোটরবাইক, স্কুটার, মোপেড) কেনার জন্য ঋণ দেওয়া হবে। ইলেকট্রিক চার্জিংয়ে চলা টু হুইলার কেনার জন্যও মিলবে এই ঋণ। রাজ্য অর্থদপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। মূল বেতন (বেসিক) অন্তত ২৫ হাজার ৭০০ টাকা হলে তবেই ঋণ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।  ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। বেতনের টাকা থেকে কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করতে হবে। ঋণ নেওয়ার পরের মাস থেকে ঋণের আসল বা প্রিন্সিপ্যাল টাকা কাটা শুরু হবে। সর্বাধিক ৬০টি কিস্তিতে প্রিন্সিপ্যাল পরিশোধ করতে হবে। এটা শোধ হয়ে যাওয়ার পরের মাস থেকে সুদ বাবদ টাকা কাটা শুরু হবে। ২০ মাসের মধ্যে সুদের টাকা পরিশোধ করতে হবে। সুদের হার কত হবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। তবে তা যথা সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাই সুদের হার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। 

Advertisement

ব্যাংক বা আর্থিক সংস্থা থেকে গাড়ি-বাইক কেনার জন্য ঋণ নিলে  তা পরিশোধ করার মাসিক কিস্তিতে আসল ও সুদ দু’টিই ধরা হয়। সরকার অবশ্য এটা দুদফায় নিচ্ছে। ফলে ৬০ মাস বা ৬ বছর ধরে আসলের উপর সুদ জমা হবে। সেই সুদ ফের ২০ মাস ধরে পরিশোধ করতে হবে। প্রথম দফার অগ্রিম নেওয়া টাকা সুদসহ  পরিশোধ করার ৩ বছর পর ফের ঋণ নেওয়া যাবে এই খাতে। তখন ৯০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। এদিকে, রাজ্য অর্থদপ্তর আরও একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মীদের জরুরি প্রয়োজনে স্বল্প ও দীর্ঘমেয়াদে অগ্রিম টাকা নেওয়ার জন্য একটি বিস্তারিত নীতিও প্রকাশ করেছে।