নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসের গোড়ায় শিল্পনীতি ঘোষণা করেছ রাজ্য সরকার। কিন্তু সেই নীতি চূড়ান্ত নয়। শিল্পের প্রয়োজনে সেখানে পরিবর্তন আনা হবে। এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। বুধবার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পাশাপাশি ভারত চেম্বার অব কমার্স ও ইলেকট্রো স্টিলের জল সেবক সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যেই এই শিল্পনীতি এনেছি। আমাদের লক্ষ্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে কাজের সন্ধানে চলে যাওয়া কর্মীদের ফিরিয়ে আনা। তা যদি সম্ভব নাও হয়, আগামী দিনে যাতে নতুন করে কেউ রাজ্য ছেড়ে না চলে যান, তা নিশ্চিত করতে হবে। তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্য তো বটেই, ওড়িশার থেকেও পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। শিল্পের ক্ষেত্রে বাংলার পুরানো গৌরব ফেরানোই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের শিল্পমহলের যা যা প্রয়োজন তা বিবেচনা করবে রাজ্য।
তাপসবাবু জানিয়েছেন, শিল্পনীতি চূড়ান্ত হতে পারে আগামী মাসে। যদি কোনো শিল্প-সংস্থার কোনো পরামর্শ থাকে, তাহলে তা বিবেচনা করবে সরকার। তিনি বলেন, যে শিল্প নীতি তৈরি হচ্ছে, তাকেই কঠোরভাবে ধরে রাখতে হবে এমন কোনো বিষয় নয়। শিল্পের প্রয়োজনে তাতে বদল আসতেই পারে। এদিন শিল্পদপ্তরের কর্তারা জানিয়েছেন, শিল্পনীতির পরেই ধাপে ধাপে আসবে জমি নীতি, স্টার্টআপ নীতিসহ একগুচ্ছ পলিসি। অন্যদিকে, রাজ্য শিল্পোন্নয়ন নিগমে খোলা হবে হেল্প ডেস্ক। শিল্পকর্তারা সেখানে এসে পরামর্শ নিতে পারবেন। কোথায় বিনিয়োগ করলে কী কী সুবিধা মিলবে, তা সেখানে জানিয়ে দেবেন প্রশাসনের কর্তারা।-ফাইল চিত্র



