রাতের আকাশে অসংখ্য তারা। হিমালয়ের হিমেল হাওয়ায় চারপাশ যখন কনকনে ঠান্ডা, তখনও টেলিস্কোপ হাতে ব্যস্ত পদ্মা চমচোট। পর্যটকদের একের পর এক নক্ষত্রপুঞ্জ, গ্রহ ও তারার অবস্থান বুঝিয়ে দিচ্ছেন তিনি। কখনো টেলিস্কোপে চোখ রাখতে সাহায্য করছেন, কখনো আবার মোবাইল ফোনে মিল্কিওয়ে বা আকাশগঙ্গার ছবি তোলার কৌশল শেখাচ্ছেন। লাদাখের প্রত্যন্ত হানলে গ্রামের এই তরুণীর কাছে রাতের আকাশ এখন শুধুই বিস্ময়ের বিষয় নয়, উপার্জনের পথ। আত্মনির্ভর হওয়ার হাতিয়ার। আর তাঁর মতো আরও অনেক তরুণী প্রমাণ করছেন, সুযোগ পেলে প্রত্যন্ত গ্রামের মেয়েরাও নিজেদের জীবনের ছবি বদলে দিতে পারেন।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫০০ মিটার উচ্চতায় অবস্থিত হানলে। লাদাখের এই ছোট্ট গ্রামটি পরিচিত তার নির্মল ও দূষণমুক্ত রাতের আকাশের জন্য। এখানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স পরিচালিত ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিকেল অবজারভেটরি। ২০২২ সালে ভারতের প্রথম ‘ডার্ক স্কাই রিজার্ভ’ হিসাবে স্বীকৃতি পায় হানলে। কৃত্রিম আলোর দূষণ থেকে রাতের আকাশকে রক্ষা করা ও জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পর্যটনের প্রসারই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এই স্বীকৃতির পরই বদলাতে শুরু করে গ্রামের মানুষের জীবনের গতিপথ। ২০২২ সালে দশম শ্রেণির পরীক্ষা পাশ করার পর পদ্মা জানতে পারেন, লাদাখ প্রশাসন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স যৌথভাবে স্থানীয় তরুণ-তরুণীদের ‘অ্যাস্ট্রো অ্যাম্বাসাডর’-এর প্রশিক্ষণ দিচ্ছে। আবেদন করে নির্বাচিত হন তিনি। মোট ২৪ জনকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছিল সেই সময়। প্রশিক্ষণে শেখানো হয় টেলিস্কোপ ব্যবহারের নিয়ম, তারার অবস্থান পর্যবেক্ষণ করতে হয় কীভাবে এবং সৌরবায়ু ও মহাকাশের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়। পাশাপাশি পর্যটকদের জন্য মোবাইল ফোনে আকাশগঙ্গার ছবি তোলা এবং বিভিন্ন গ্রহ, উপগ্রহ ও নক্ষত্রপুঞ্জ চিনিয়ে দেওয়ার কৌশলও শেখানো হয় ওই কোর্সে।
পদ্মার কথায়, ‘ছোটোবেলা থেকেই রাতের আকাশ দেখি। গ্রামে আলোর অভাব থাকায় আকাশের তারা স্পষ্ট দেখা যায়। আত্মীয়স্বজনের কাছ থেকেও এ বিষয়ে অনেক কিছু শিখেছি।’ প্রশিক্ষণ সেই পরিচিত অভিজ্ঞতার সঙ্গে যোগ করেছে বিজ্ঞান। আর প্রযুক্তির ব্যবহার। এখন পর্যটনের মরশুমে প্রতিদিন অন্তত ২০-৩০ জন পর্যটককে আকাশ চেনানোর দায়িত্ব সামলান পদ্মা। পাহাড়ে টেলিস্কোপ নিয়ে গিয়ে শুরু হয় তাঁর কাজ। এই পেশা তাঁর জীবনেও এনেছে বড়ো পরিবর্তন। উপার্জনের টাকা দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারছেন তিনি। কেবল আর্থিক সাহায্য নয়, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতাও বেড়েছে। পদ্মার কথায়, ‘এই কাজ আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
এই দলের আর এক সদস্য তেসরিং দোলকরের জীবনেও এসেছে পরিবর্তন। পর্যটনের ভরা মরশুমে মাসে প্রায় ৩৭ হাজার টাকা আয় করেন তিনি। তাঁর বাবা কর্মহীন। ফলে পরিবারের আর্থিক দায়িত্ব সামলাতে তাঁর উপার্জন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আগে জ্যোতির্বিজ্ঞানে বিশেষ আগ্রহ না থাকলেও প্রশিক্ষণের পর মহাকাশ সম্পর্কে আরও জানার ইচ্ছা তৈরি হয়েছে তাঁর। দোলকারের কথায়, তারাদের সম্পর্কে সম্যক জ্ঞান শুধু তাঁকে বদলায়নি, জীবনের নতুন অর্থও খুঁজে দিয়েছে।



