নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটা সময় গ্রামের আলপথ ধরে ফেরিওয়ালারা ছুটে যেতেন। হাতে থাকত বিকিকিনির হরেক জিনিস। আর গলায় থাকত আলাদা সুরের হাঁক। যা বর্তমান সময় প্রায় বিলুপ্ত। আবার গ্রামের দিকে সিনেমা হলে নতুন ছবি এলে অটো নিয়ে চলত প্রচার। সেখানেও থাকত আলাদা সুর। এখনও শহরতলির ট্রেনে উঠলে ‘ব্যথা-বেদনা’ উপশমের বাম বিক্রির সুরেলা হাঁক শোনা যায়। এমনকি, গ্রামে নতুন কিছু হলে ওই মাইকের প্রচারই ছিল মানুষের কাছে পৌঁছানোর একমাত্র উপায়। এবার সেই সুর ফিরে এল ভোটের প্রচারেও। আনলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি কেন্দ্রের সিপিএম প্রার্থী সাম্য গঙ্গোপাধ্যায়। কিছু গান, কিছু বক্তব্য নিয়ে তৈরি হয়েছে অডিয়ো ফাইল। দু’লাইন গানের পরেই সুর করে বলা হচ্ছে, ‘বন্ধুগণ, আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত, আইএসএফ সমর্থিত প্রার্থী সাম্য গাঙ্গুলিকে কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে ভোট দিন।’ একেবারে মেঠো কথায় নতুন ছড়া কাটা হয়েছে। যেমন, ‘আর কতকাল মাথা নুইয়ে থাকবে ঘুমের ঘোরে, সঠিক জবাব দাও গো তুমি, ভোট এসেছে দ্বারে।’ মেঠো উচ্চারণে এইসব ছড়ার মাধ্যমে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে কথা বলছে বামেরা। উঠে আসছে রায়দিঘি-জয়নগর ট্রেনলাইনের দাবি, কোল্ড স্টোরেজের দাবি। সিপিএম প্রার্থী সাম্য গঙ্গোপাধ্যায় বলছিলেন, ‘আমরাই প্রথম এই ধরনের প্রচার শুরু করেছি। প্রচারের সময় এই ধরনের গান ও বক্তব্য আমরা টোটোয় মাইক বেঁধে বাজাচ্ছি। সহজ কথায়-গানে গ্রামের মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে। গান শুনে গ্রামের লোকজন বাড়ি থেকে বেরিয়েও আসছেন। আসলে যতভাবে মানুষকে আকৃষ্ট করা যায়, আমরা সেই চেষ্টাই করছি।’ এই প্রচারের মাধ্যমেই বলে দেওয়া হচ্ছে, সাম্যর আর একটি পরিচয়, তিনি এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে।



