নয়াদিল্লি: আমি ঘুমোতে যাচ্ছি। আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি, কাল সকালে জানতে পারবে। ওরা সামরিক ঘাংটিতে আক্রমণ করছে। বাবা আমাকে বাঁচাও। এমনই মেসেজ পাঠিয়েছিলেন জয়া রিজভি নামে এক পড়ুয়া। শনিবার অপারেশন সিন্ধুতে দিল্লিতে ফিরলেন কাশ্মীরের রিজভি। সরকারের প্রয়াসে স্বভাবতই খুশি তিনি। যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে গত দু’দিনে ফিরলেন পাঁচশো জনেরও বেশি পড়ুয়া ও সাধারণ নাগরিক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় জানান, আর্মেনিয়ার পাশাপাশি তুর্কমেনিস্তান থেকেও ভারতীয়দের নিয়ে আসা হচ্ছে। এদিন দিল্লি বিমানবন্দরে ভারতীয় পড়ুয়াদের স্বাগত জানান বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন। আলমাস রিজভি নামের এক পড়ুয়া জানান, ‘অবশেষে দেশে ফিরতে পেরে ভালো লাগছে। বিদেশ মন্ত্রক আমাদের অনেক সাহায্য করেছে।’ দানিয়া নামের আর এক পড়ুয়া জানিয়েছে, ‘তেহরানের অবস্থা ভয়াবহ। আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম। সরকারকে আন্তরিক ধন্যবাদ।’



