নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৩০ নম্ভেম্বর শুরু হতে পারে সংসদের পরবর্তী অধিবেশন। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সরকার তথা সংসদের বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে এটিকে ‘শীতকালীন অধিবেশন’ বলা হবে না। কারণ, গত ২০ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের এখানো আনুষ্ঠানিক সমাপ্তিই ঘোষণা করেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যাকে বলা হয় ‘প্রোরোগড।’ যা নিয়ে বিরোধীদের সমালোচনা চলছেই। কটাক্ষ, মোদি সরকার ইতিহাস তৈরি করতে চাইছে!
আসন্ন সংসদ অধিবেশনের সম্ভাব্য তারিখ নিয়ে বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজুর কথা হয়েছে। এদিন ছিল ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবদুল কালাম আজাদের জন্মদিন। সেই উপলক্ষ্যে সংবিধান সদনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিজু। তারপরই স্পিকারের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেখানেই সংসদের আসন্ন অধিবেশনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে এও শোনা যাচ্ছে, আগামী ২২ অথবা ২৩ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে।



