কাল ক্রাইস্টচার্চে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু, বোলারদের ক্লান্তিই চিন্তা ভারতের
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের আশা জাগিয়েও শেষরক্ষা হয়নি। ড্রয়ের পর স্বভাবতই হতাশার গহ্বরে নিমজ্জিত টিম ইন্ডিয়া। রীতিমতো শোক পালনের পরিস্থিতি গিলদের শিবিরে। শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটেয় ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে প্রায় আটচল্লিশ ঘণ্টা ব্যাট-বল ছুঁয়েও দেখলেন না ক্রিকেটাররা। বিদেশ সফরে এমন বিচিত্র কাণ্ড খুব কমই দেখা গিয়েছে অতীতে।

Advertisement

সাধারণত দল হারলে বা খারাপ পারফর্ম করলে চেষ্টা চলে কারণ অনুসন্ধানের। সেই মতো কঠোর পরিশ্রমের মাধ্যমে খামতি মিটিয়ে ফেলার প্রচেষ্টা দেখা যায়। এই টিম ইন্ডিয়া ব্যতিক্রম। ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট শেষ হয়েছিল ২৩ নভেম্বর। তারপর দু’দিন বিশ্রাম। আসলে বোলারদের ক্লান্তি ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। প্রথম টেস্টে পাটা উইকেটে ভারতীয় বোলারদের প্রায় ২৪০-২৫০ ওভার হাত ঘোরাতে হয়েছে। তার মধ্যে চার পেসারের প্রত্যেককেই ৪০ ওভারের বেশি বল করতে হয়। ক্যাপ্টেন শুভমান গিল ম্যাচ ড্র হওয়ার জন্য পিচকে দায়ী করেছিলেন। সেই সঙ্গে তিনি বুমরাহ, কম্বোজদের বিশ্রামের পক্ষে সওয়ালও করেন। দেখে মনে হল, সেই পথেই হাঁটছে টিম ইন্ডিয়া। ভারতীয় টিম ম্যানেজমেন্টের যুক্তি, গত কয়েক মাস ধরেই একাধিক ফরম্যাটে খেলতে হচ্ছে। নিউজিল্যান্ড সফরও বেশ দীর্ঘ। ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তাই দ্বিতীয় টেস্টের আগে গিল, ঋষভদের যাবতীয় বিনোদনমূলক কর্মসূচি বাতিল করে দেন কোচ গম্ভীর। বদলে সতীর্থদের নৈশভোজ দেন ক্যাপ্টেন গিল। মূলত টিম বন্ডিং বৃদ্ধির লক্ষ্যে এই পন্থা অবলম্বন বলে মনে করা হচ্ছে।
যাই হোক, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষীণ আশা জাগিয়ে রাখতে হলে এখন বাকি ছ’টা টেস্টেই জিততে হবে ভারতকে। অর্থাৎ প্রতিটি ম্যাচই মরণ-বাঁচন। ক্রাইস্টচার্চে টিম ইন্ডিয়ার টেস্ট রেকর্ড ভালো নয়। পাঁচটা খেলে দু’টিতে হার, ড্র তিনটি। এবার কি জয়ের দরজা খুলতে পাবেন গিলরা? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। 
হ্যাগলি ওভালের পিচে বাড়তি বাউন্স থাকার সম্ভাবনা রয়েছে। তাই বোলিংয়ে কিছু পরিবর্তন প্রত্যাশিত। সিরাজের মতো সিনিয়রকে বসিয়ে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁকে খেলানো হবে কিনা, সেটাই দেখার। খুব সম্ভবত কম্বোজকে বসানো হতে পারে। সেই জায়গায় সিরাজ কিংবা গুরনুর ব্রার খেলতে পারেন।