Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ জায়গা় থেকে বেতন তুলছেন একই ব্যক্তি!

গারুলিয়া পুরসভায় এক ব্যক্তি তিন জায়গায় হাজিরা দিয়ে বেতন তুলেছেন

৩ জায়গা় থেকে বেতন তুলছেন একই ব্যক্তি!
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গারুলিয়া পুরসভায় এক ব্যক্তি তিন জায়গায় হাজিরা দিয়ে বেতন তুলেছেন। এই বিস্ফোরক অভিযোগ করলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। তিনি গারুলিয়া পুরসভার এগজিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে অস্থায়ী কর্মী, সাফাইকর্মী, হেলথ কর্মীদের কাজকর্মের হিসাব নেন। তখনই জানতে পারেন, এক ব্যক্তি তিন জায়গায় হাজিরা দিয়ে বেতন তুলছেন। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন অর্জুন সিং।

Advertisement

অর্জুন সিং বলেন, গারুলিয়া পুরসভায় বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে। কাউন্সিলাররা নানাভাবে স্বজনপোষণ করেছেন। তাঁদের আত্মীয় এবং চেনাজানা লোকদের কাজে ঢুকিয়েছেন। যাঁদের কাজে ঢুকিয়েছেন, তারাও আবার ঠিকমতো কাজ করেন না। সই করে চলে যান। এসব আর চলবে না। মানুষকে সার্ভিস দিতে হবে, ঠিকমতো কাজ করতে হবে। দুর্নীতির অভিযোগ উঠলে এফআইআর হবে। গ্রেপ্তার হবেন। কাউকে ছাড়া হবে না। 
এই পুরসভায় চেয়ারম্যান রমেন দাস সহ তৃণমূল কাউন্সিলাররা পদত্যাগ করেছেন। তবে এখনও প্রশাসক বসানো হয়নি। বর্তমানে অলিখিতভাবে প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সুনীল সিং কাজকর্ম দেখভাল করছেন। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার কাজ ঠিকমত হচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন বিজেপি নেতারা। 
এদিকে, নোয়াপাড়া বিধানসভা এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে রেলে চাকরি দেওয়ার নাম করে ৭৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। অভিযোগের তির নোয়াপাড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে। অভিযোগকারী রাহুল দে-র দাবি, রেলে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা নেওয়া হয়। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি তো দূরের কথা, টাকাও ফেরত পাননি। তিনি পুলিশে অভিযোগ করেছেন। উল্লেখ্য, এই তৃণমূল ছাত্র পরিষদ নেতার বাড়িতে কয়েকদিন আগে ব্যাপক বোমাবাজি হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ