বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। দেশজুড়ে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। এরইমধ্যে আরএসএস’কে আক্রমণ করলেন খাড়্গে-পুত্র প্রিয়াঙ্ক। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, দেশের গণতন্ত্রের ক্ষেত্রে সবথেকে বড়ো বিপদ এই সংগঠন। একইসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তহবিল নিয়েও ফের প্রশ্ন তোলেন তিনি। মঙ্গলবার প্রিয়াঙ্ক বলেন, ‘বর্তমানে গণতন্ত্রের জন্য সবথেকে বড়ো হুমকি আরএসএস। আমেরিকার যে লবিস্টরা পাকিস্তানের হয়ে কাজ করে তাদের সঙ্গে ওদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওরা তহবিলের জন্য অর্থ সংগ্রহ করছে। ওদের কে টাকা দিচ্ছে?’
শতবর্ষ প্রাচীন সংগঠনকে একটি পরামর্শও দিয়েছেন খাড়্গে-পুত্র। কটাক্ষের সুরে বলেছেন, ‘বিশ্বের সর্ববৃহৎ এনজিও আরএসএস। দেশের ইতিহাসে আপনারাই সর্বশ্রেষ্ঠ। আপনাদের আইন, সংবিধান মেনে উদাহরণ সৃষ্টি করা উচিত। রেজিস্টার হো যাও ব্যস।’ রেজিস্ট্রেশন সহ বিভিন্ন ইস্যুতে বারবার কংগ্রেসের তোপের মুখে পড়েছে আরএসএস। গত রবিবার এবিষয়ে মোহন ভাগবতদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছিলেন, ‘আর মানে রেজিস্টার্ড। তাকেই ভয় পায় আরএসএস। কারণ নথিভুক্ত হলেই আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে হবে। আইন অনুযায়ী স্ক্রুটিনি হবে। জানা যাবে, কে ওদের টাকা দেয়? সেই টাকা কোথা থেকে আসে? কীভাবে তা খরচ করা হয়?’



