জ্ঞানেশ-মামলা: কমিশনের হলফনামার উত্তর দিতে ইন্ডিয়া নেতৃত্বকে ১০ দিন সময়
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুই নির্বাচন কমিশনারকে অগ্রাহ্য করে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব বিরোধীরা। প্রতিবাদে উত্তাল দিল্লি থেকে শুরু করে সারা দেশ। এ বিষয়ে জ্ঞানেশের বিরুদ্ধে রাহুল গান্ধী, সৌগত রায় সহ মোদি বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র নেতানেত্রীদের দায়ের করা মামলা মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাবদ্ধ হলেও বিস্তারিত শুনানি হল না। গত ৫ অক্টোবর মামলা গ্রহণ করেছিল প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। প্রথমদিনই জ্ঞানেশ সহ অন্য দুই কমিশনার ও কমিশনের সচিবকে জারি করা হয় জবাবদিহির নোটিস। কমিশনের পক্ষে হলফনামা জমা পড়েছে শীর্ষ আদালতে। তার জবাব দিতে মামলার আবেদনকারী রাহুল গান্ধীদের ১০ দিন সময় দিল শীর্ষ আদালত। ১৭ নভেম্বর বিস্তারিত শুনানি হবে। 

Advertisement

তবে এই সময়ের মধ্যে যাতে কমিশনের বিতর্কিত সিদ্ধান্ত সংক্রান্ত ফাইলের নোটিং সহ যাবতীয় সংরক্ষণ করে রাখা হয়, তার আবেদন জানান ‘ইন্ডিয়া’ পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন,  সিদ্ধান্তগুলি সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল, নাকি একতরফাভাবে, তা নির্ধারণের জন্য এই নথিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফাইলের নোটিং-সহ অন্যান্য নথি সংরক্ষণ করা হোক। যদিও তা নিয়ে কোনো অন্তবর্তী নির্দেশ দিল না সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, ‘আমরা সব জানি, আপনার দাবির বিষয়টি বিবেচনা করে দেখব।’  সুযোগ পেয়ে জ্ঞানেশ কুমার তথা কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করা তৃণমূল সাংসদ দোলা সেনের আ‌ইনজীবী মেনকা গুরুস্বামী ফর্ম-৬ প্রসঙ্গ তোলেন। বলেন, প্রথমবার ভোটার হতে চাওয়া আবেদনকারীদের ফর্ম -৬ বিষয়ে কমিশন কারচুপি করেছে। নিজেদের অপরাধ ঢাকতে আবার প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে তা করা হয়েছে। তাই বিষয়টি অত্যন্ত সিরিয়াস। যদিও কমিশনের আইনজীবী মনিন্দর সিং এইসব অভিযোগ উড়িয়ে দেন।  অন্যদিকে, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে গত ১২ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া’র সুপ্রিম কোর্ট অভিযান কর্মসূচিতে সংবাদ সংগ্রহে যাওয়া অন্তঃসত্ত্বা মহিলা সাংবাদিককে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই মামলায় রাহুলের জবাব চেয়ে নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট। সাংবাদিক রিচা পরাশরের অভিযোগ, তাঁকে রাহুল ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছেন। ঘটনার দিন তিনি ১১ সপ্তাহ তিনদিনের অন্তঃসত্ত্বা ছিলেন। যদিও উল্লেখযোগ্য বিষয় হল, রিচা পরাশর সরাসরি নিজে মামলা করেননি। তাঁর বিষয়টি নিয়ে রাহুল, মল্লিকার্জুন খাড়্গেদের বিবাদী করে মামলা করেছেন জনৈক দিগন্ত মিশ্র সহ চারজন। ২ নভেম্বর এই মামলার শুনানি।