Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬

উৎসবের মরশুমে অন্তর্ঘাত এড়াতে যাত্রীদের সচেতন করছে আরপিএফ

আসন্ন উৎসবের মরশুমে কি ট্রেনে অন্তর্ঘাতের জন্য সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা? আশঙ্কা করছেন আরপিএফের গোয়েন্দারা

উৎসবের মরশুমে অন্তর্ঘাত এড়াতে যাত্রীদের সচেতন করছে আরপিএফ
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন উৎসবের মরশুমে কি ট্রেনে অন্তর্ঘাতের জন্য সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা? আশঙ্কা করছেন আরপিএফের গোয়েন্দারা। তা মাথায় রেখেই বিভিন্ন রেলওয়ে জোনে শুরু হচ্ছে সচেতনতামূলক প্রচার। রেল যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। কড়া নজরদারি চালানো হচ্ছে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার দিকেও। রেল লাইন ধরে হেঁটে যাওয়া নয়। রেল লাইন নোংরা করা নয়। রেলওয়ে ট্র্যাকে কোনোরকম সন্দেহজনক বস্তু দেখলেই তা রিপোর্ট করতে হবে। রেলের যাত্রী সুরক্ষায় কার্যত এভাবেই উদ্যোগী হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)।  সম্প্রতি দক্ষিণ ভারতের কয়েকটি রেল জোনে এহেন প্রচার চালিয়েছে আরপিএফ। অন্যান্য রেলওয়ে জোনেও তা পর্যায় ভিত্তিতে করা হবে বলে জানানো হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, আসন্ন দুর্গাপুজো এবং উৎসবের মরশুমে দেশজুড়ে একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিবারের মতো এবারও রেল যাত্রীদের মাত্রাছাড়া ভিড় সামাল দিতে হবে। এই পরিস্থিতিতে আচমকাই দুষ্কৃতীদের কোনো চক্র সক্রিয় হয়ে উঠতে পারে। তবে একইসঙ্গে রেল বোর্ড সূত্রে এও জানানো হয়েছে, রেল যাত্রীদের অযথা আতঙ্কের কোনো কারণ নেই। তাদের শুধুমাত্র সজাগ থাকলেই হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ