Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অবশেষে ক্ষতিগ্রস্ত তিলপাড়া ব্যারাজের সংস্কারের কাজ শুরু

অবশেষে শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত তিলপাড়া ব্যারাজের জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু হল। সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্যারাজের ডাউন স্ট্রিমে একাধিক জায়গায় তৈরি হওয়া গর্তে বোল্ডারের ব্লক বসিয়ে প্রাথমিকভাবে সংস্কারের কাজ করা হবে।

অবশেষে ক্ষতিগ্রস্ত তিলপাড়া  ব্যারাজের সংস্কারের কাজ শুরু
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: অবশেষে শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত তিলপাড়া ব্যারাজের জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু হল। সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্যারাজের ডাউন স্ট্রিমে একাধিক জায়গায় তৈরি হওয়া গর্তে বোল্ডারের ব্লক বসিয়ে প্রাথমিকভাবে সংস্কারের কাজ করা হবে। মূল লক্ষ্য, বর্ষার মরশুমে যাতে নতুন করে ব্যারাজের কোনও ক্ষতি না হয়। সেক্ষেত্রে ড্যাম বিশেষজ্ঞ জুলফিকার আহমেদের পরামর্শ মেনেই রাজ্যের তরফে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ শুরু হয়েছে। 

Advertisement

তবে, নতুন করে আবহাওয়ার অবনতি সহ ময়ূরাক্ষীতে জলস্ফীতি হলে এই মেরামত কতটা কার্যকরী হবে, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও, সুনির্দিষ্ট প্ল্যান তৈরি করে ধাপে ধাপে সংস্কারের কাজ করা হবে। এক্ষেত্রে প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রেখে সংস্কারের কাজের পরিকল্পনা বদল হতে পারে। এবিষয়ে ময়ূরাক্ষী ক্যানাল সার্কেলের সুপারিন্টেনডেন্ট সমরকুমার সরকার বলেন, বর্ষার মরশুমে অস্থায়ী সাপোর্ট দিয়ে ব্যারাজকে টিকিয়ে রাখাই লক্ষ্য। যত দ্রুত এই কাজ হবে তত ভালো। 
সংস্কারের কাজ শেষ হওয়ার আগেই জল ছাড়া শুরু হওয়ায় তিলপাড়া ব্যারাজ ক্ষতিগ্রস্ত হয়। প্রথমেই ডিভাইড ওয়ালে ফাটল ধরে। ডিভাইড ওয়ালের নীচ থেকে বালি ও মাটি সরে যাওয়ায় তা ক্রমেই নদী গর্ভে বসে যাচ্ছে। অন্যদিকে, নতুন করে চিন্তা বাড়িয়ে সম্প্রতি ব্যারাজের একপ্রান্তের র‍্যাফট ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে আজ, রবিবার ব্যারাজ পরিদর্শন করবেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের ডিরেক্টর। সরেজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখে ডিরেক্টর কী নির্দেশ দেবেন, সেদিকে নজর সেচদপ্তরের আধিকারিকদের। যদিও তার আগেই এদিন সকাল থেকেই ম্যাকিন্টোস বার্নের হাত ধরে জরুরিকালীন সংস্কারের কাজ শুরু করা হল। অন্যদিকে, দুপুরেই সেচদপ্তরের আধিকারিক সহ ম্যাকিন্টোস বার্নের ম্যানেজিং ডিরেক্টর ব্যারাজ সংলগ্ন সেচদপ্তরের অফিসে জরুরিকালীন বৈঠক সারেন। 
সেচদপ্তরের তরফে জানা গিয়েছে, সংস্কারের কাজ দ্রুত এগনোর লক্ষ্যে ব্যারাজ সংলগ্ন এলাকাতেই ধাপে ধাপে বোল্ডার সাজিয়ে ব্লক তৈরি করা হচ্ছে। পরবর্তীতে বিশালাকার সেই ব্লকগুলি একে একে নির্দিষ্ট স্থানে বসানো হবে। মূলত যে অংশে বালি ও মাটি সরে গিয়ে গর্ত তৈরি হয়েছে, সেখানেই বোল্ডারের তৈরি ব্লকগুলি বসানো হবে। ব্যারাজের জরুরি পুনর্বাসনের এই কাজ শেষ হতে ১৫ দিন কিংবা একমাস সময় লাগতে পারে। 
ব্যারাজের ডিভাইড ওয়ালে ফাটল ধরা পড়তেই ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে জেলা পুলিস ও প্রশাসনের তরফে রাশ টানা হয়। এরপর র‍্যাফট ক্ষতিগ্রস্ত হতেই ছোট চারচাকা গাড়ি চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই সঙ্গে ব্যারাজ থেকে জল ছাড়ার প্রক্রিয়াতেও খানিকটা রাশ টানা হয়। সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমান সময়ে সাতটি লকগেটের মাধ্যমে জল ছাড়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ