Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রেফার রোগ সারেনি, মানলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকারের বয়স দু’মাস পেরিয়ে গেলেও হাসপাতালের ‘রেফার’ রোগ সারেনি। চিকিৎসক মহলেও দায়বদ্ধতা পুরোপুরি ফিরে আসেনি।

রেফার রোগ সারেনি, মানলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সরকারের বয়স দু’মাস পেরিয়ে গেলেও হাসপাতালের ‘রেফার’ রোগ সারেনি। চিকিৎসক মহলেও দায়বদ্ধতা পুরোপুরি ফিরে আসেনি। কার্যত ঘুরিয়ে সে কথা মেনে নিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা হুগলির বিজেপি নেত্রী সুমনা সরকার। বৃহস্পতিবার তিনি হুগলির জেলা হাসপাতাল তথা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ‘হঠাৎ পরিদর্শন’ করতে এসেছিলেন। দীর্ঘসময় তিনি হাসপাতালে ছিলেন। বিভিন্ন বিভাগের পাশাপাশি রোগীদের একাংশ ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি সরকারি ওষুধের দোকান ঘুরে দেখেন। তাঁকে হাসপাতাল সুপার সহ কর্তাদের রেফার নিয়ে সতর্ক করতেও দেখা যায়। পরে সাংবাদিকদের বলেন, রেফার রোগ আছে। চিকিৎসদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন আছে। তবে আমরা মাত্র দু’মাস সরকার চালাচ্ছি। প্রাথমিক লক্ষ্য, নাগরিকদের অভিযোগ কমিয়ে আনা। রেফার বিষয়ে বর্তমান সরকারের নীতির কথা কর্তাদের স্মরণ করিয়ে দিয়েছি। এদিনের পরিদর্শনের পরে ওই প্রবণতা আরও কমবে বলেই আমি মনে করি। তিনি আরও বলেন, স্বাস্থ্যব্যবস্থাকে পূর্বতন সরকার ভেঙে রেখে গিয়েছে। আমরা সবদিক দিয়েই তার পুনর্গঠনের প্রয়াস করছি। বর্তমানে হাসপাতাল নাগরিকদের কাছে ভয়ের বস্তু। আমরা চাই দ্রুত তা ভরসার স্থান হয়ে উঠবে। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, আমি চাই আরও ‘হঠাৎ পরিদর্শন’ হোক। স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিছু পরামর্শ দিয়েছেন। সেসব দ্রুত পালন করা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ