কাজল মণ্ডল, ইসলামপুর: রবিবার রাতে পাঞ্জিপাড়ায় রামস্বামীর মন্দির দেখতে ভিড় বাড়ল দর্শনার্থীদের। বিদ্রোহী ক্লাবের পুজো উদ্যোক্তারা এবার তামিলনাডুর রামস্বামী মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন। পুজোকে কেন্দ্র করে চারদিনের নানা অনুষ্ঠানেরও আয়োজন হয়েছে। রবিবার বিকেল পর্যন্ত শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পুজো কমিটির সম্পাদক তাপস দাস ও ক্লাব সম্পাদক অলীপরঞ্জন সিংহ, কোষাধ্যক্ষ পুলক মজুমদাররা। তাঁরা জানান, বিহার লাগোয়া হওয়াতে বিদ্রোহী ক্লাবের পুজোয় বহু মানুষ আসেন। এবারও আসছেন। ফলে বিদ্রোহী ক্লাবের পুজোকে ঘিরে বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে।পুজো কমিটির অন্যতম সদস্য পঙ্কজ সিংহ বলেন, এবার আমাদের পুজো ৫৩ তম বর্ষে। রামস্বামী মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। বিশালাকার মণ্ডপটির দৈর্ঘ্য ১১৪ ফুট, উচ্চতা ৭৬ ফুট। শোলা, কাপড় ব্যবহার করে মণ্ডপটি তৈরি হয়েছে। বালুরঘাটের শিল্পী মণ্ডপ তৈরি করেছেন। প্রায় ১৪ ফুটের শ্যামা প্রতিমায় পুজো হবে মণ্ডপে।
গভীর রাতে পুজো শেষে সকালে সকলের জন্য প্রসাদ বিলি হবে। পুজোকে কেন্দ্র করে ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন নানা অনুষ্ঠান থাকবে। এর মধ্যে ১১ নভেম্বর থাকছে মিউজিক্যাল নাইট। রবিবার সন্ধ্যায় ফিতে কেটে পুজোমণ্ডপের উদ্বোধন হয়। প্রশাসন ও স্থানীয় বিশিষ্ট মানুষজন মণ্ডপ উদ্বোধন করেন। পাঞ্জিপাড়ায় বিদ্রোহী ক্লাবের পুজোকে ঘিরে প্রতিবছর মানুষের আগ্রহ থাকে। এবারও দর্শনার্থী টানতে তাই রামস্বামী মন্দির তৈরি করেছেন উদ্যোক্তারা। বিদ্রোহী ক্লাবের পাশে যজ্ঞ কালী মন্দির আছে। শতাব্দী প্রাচীন যজ্ঞ কালী মন্দিরেও পুজো হচ্ছে।



