বন্ধ হচ্ছে বাগুইআটির অর্জুনপুরের পুজো! ‘নিরাপত্তার খাতিরে’ জায়গা বদলের নির্দেশ পুলিশের, ক্ষুব্ধ উদ্যোক্তারা
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অলকাভ নিয়োগী, বিধাননগর: নিস্তব্ধ পাড়ার মুখভার! হঠাৎ উৎসব থমকে গিয়েছে তাঁদের! নীল ত্রিপলে ঢাকা বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি! থিমের মণ্ডপ, প্রতিমা, দর্শনার্থী এখন কেবল স্মৃতির পাতায়! এই প্রথম ৫৩ বছরের পুজোয় ছেদ পড়ছে! অতিরিক্ত ভিড়ের কারণে ‘সেফটি ইস্যু’। তাই জায়গা বদলের নির্দেশ দিয়েছে পুলিশ-প্রশাসন। ক্ষুব্ধ উদ্যোক্তারা। তাঁদের কথায়, ‘মণ্ডপের কাজ প্রায় ৪০ শতাংশ শেষ। তাছাড়া, পাড়ার পুজো অন্যত্র সরবে কেন?’ এই টানাপোড়েনের মধ্যে অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে বাগুইআটির অর্জুনপুর ‘আমরা সবাই’ ক্লাবের বিখ্যাত দুর্গাপুজো। এমন খবরে হতবাক সবাই। 

Advertisement

পুজো মানেই অন্য আবেগ। সারাবছর মুখিয়ে থাকে আট থেকে আশি। উৎসবের দিনগুলিতে মেতে ওঠে আপামর বাঙালি। হবে নাই বা কেন! শ্রেষ্ঠ উৎসব বলে কথা। ঢাকের ঢ্যাম কুড় কুড় আওয়াজ, ধুনোর গন্ধ, থিমের আলোয় মায়ের মুখ, রাতভর হেঁটে যাওয়া হাজার হাজার দর্শনার্থী। ক্লান্তিহীন। গত কয়েক বছরে থিমের অভিনবত্বে নিজস্ব জায়গা করে নিয়েছিল এই পুজো। টানা পাঁচ বছর এখানকার থিম মেকার ছিলেন শিল্পী ভবতোষ সুতার। ২০২৪ সালে তাঁর ‘অন্যদেশ’ থিম নজর কেড়ে নেয় দর্শনার্থীদের।
গত বছর অবশ্য তিনি ছিলেন না। শিল্পী শোভিন ভট্টাচার্য মণ্ডপসজ্জা করেছিলেন। পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারও জনস্রোত নেমেছিল এই মণ্ডপে। ভিড় সামাল দিতে গত বছর কিছু সময়ের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল পুলিশ। তারপর প্রতিমাকে মণ্ডপের সামনের দিকে এনে ফের খুলে দেওয়া হয় মণ্ডপ। এবার ছিল এই পুজোর ৫৩তম বর্ষ। অক্ষয় তৃতীয়ার দিন খুঁটিপুজো ও ভূমিপুজো সম্পন্ন হয় যথারীতি। এবারও পুজোর থিম রূপায়ণের দায়িত্বে ছিলেন শোভিন ভট্টাচার্য ও শম্পা ভট্টাচার্য। কী চমক থাকে, নজর ছিল সবার। কিন্তু, পুজোর আসার আগেই যেন পুজো শেষ হয়ে গেল অর্জুনপুরে!
অন্যতম উদ্যোক্তা মৌসুমি দত্ত বলেন, ‘প্রতিবারের মতো এবারও অক্ষয় তৃতীয়ার দিন আমাদের খুঁটিপুজো হয়। ওইদিন থেকে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল। ইতিমধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। দিন ১৫-২০ আগে পুলিশ  আমাদের জানায়, আমাদের পুজোকে সরিয়ে মূল রাস্তার ধারে মাঠে নিয়ে যেতে হবে। এটা কীভাবে সম্ভব? এটা তো আমাদের পাড়ার পুজো। অনেক কষ্টে সবাই মিলে পুজোটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছি। এখন পাড়ার পুজো পাড়া থেকেই সরে যাবে? এটা কি সম্ভব? তাই খুব কষ্ট হলেও ক্লাবে বৈঠক করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ বছর দুর্গাপুজো বন্ধ থাকবে।’ যদিও এনিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের এক পদস্থ আধিকারিক বলেন, ‘আমরা পুজো বন্ধ করতে বলিনি। ওখানে অতিরিক্ত ভিড় হয়। তাই শুধুমাত্র সেফটি ইস্যুতে আমরা ওদের পুজোকে মাঠে সরিয়ে নিয়ে যেতে বলেছি। গতবারই বিশৃঙ্খলা হয়েছিল। তখনও সরানোর কথা বলা হয়েছিল।’