সংবাদদাতা রানাঘাট: প্রায় ৩৫০ বছরের প্রাচীন ঐতিহ্য ও রীতিমেনে আজও একইভাবে হয়ে আসছে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির রাসযাত্রা। শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রায় বড় গোস্বামী বাড়ির রাধারমণ পথে নামলেই শহরের অন্যান্য বিগ্রহ ও বারোয়ারি গুলি শোভাযাত্রায় শামিল হন। প্রথা মেনে ভাঙারসের পরদিন এখানে অনুষ্ঠিত হয় ‘কুঞ্জভঙ্গ’ অনুষ্ঠান। বিগ্রহ নাচানোর এই পর্ব দেখতে প্রতিবছর মন্দির প্রাঙ্গণে উপচেপড়ে ভক্তদের ভিড়। রাস উৎসবের দিনগুলিতে রাসমঞ্চে রাধারমণ ও রাধিকাকে সর্বসাধারণের দর্শনের জন্য বসানো হয়।
বড় গোস্বামী বাড়ির বংশধর সত্যনারায়ণ গোস্বামী বলেন, একসময় বড় গোস্বামী বাড়ির গৃহদেবতা রাধারমণ হারিয়ে গিয়েছিলেন। দীর্ঘ খোজাখুঁজির পর তাকে পাওয়া যায়। এরপর তৎকালীন প্রভুরা অনুভব করে, শ্রীকৃষ্ণের পাশে রাধিকার উপস্থিতির প্রয়োজন। সেই ভাবনা থেকে রাধিকার বিগ্রহ নির্মাণ করা হয় এবং রাস পূর্ণিমার তিথিতে রাধারমণের পাশে রাধিকাকে প্রতিষ্ঠা করা হয়। মূলত সেই দিন থেকে শান্তিপুরের রাস উৎসবের সূচনা হয়। প্রতিষ্ঠার পর দিন নববধূ রূপে রাধিকাকে নগরবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে নগর পরিক্রমা করা হয়েছিল। রাসের পরদিনের সেই নগর পরিক্রমায় আজও ঐতিহ্য। যা ভক্তদের কাছে শান্তিপুরের ভাঙারাসের শোভাযাত্রা নামে পরিচিত।
বড় গোস্বামী বাড়ির রাস উৎসব মূলত চারদিন ধরে চলে। প্রথম দিন রাধারমণ ও রাধিকার যুগল বিগ্রহকে মূল মন্দির থেকে রাসমঞ্চে নিয়ে আসা হয়। সেখানে রাস পুজো ভক্তিমূলক গান ও নাম কীর্তনের আসর বসে। ওইদিন রাধারমণকে ভোগ নিবেদন ও দেবতার অঙ্গরাগ সম্পন্ন হয়। দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক রাস পুজো না হলেও বিগ্রহকে ভোগ নিবেদন করা হয়। গোস্বামী বাড়ির রাসে নগরবাসীকে আমন্ত্রণ জানাতে প্রথম ও দ্বিতীয় দিন শহরের নির্দিষ্ট পথ ধরে নগর পরিক্রমা বের হয়।
উৎসবের তৃতীয় দিন অর্থাৎ ভাঙা রাসের দিন ১০৮টি ঢাকের বাদ্যি, বিভিন্ন বাজনা ও আলোকসজ্জার মাধ্যমে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মহাভারতের নানা কাহিনি অবলম্বনে ময়ূরপঙ্খীর গান এবং বালক বালিকাদের নৃত্যে জমে ওঠে শান্তিপুরের রাজপথ। এই রাসের অন্যতম প্রধান আকর্ষণ হল ‘রাইরাজা’। ৮-১০ বছর বয়সের এক কুমারী কন্যাকে রাধিকার বেশে সাজিয়ে নগর পরিক্রমা করানো হয়। আর ঠিক তার পিছনেই শোভাযাত্রায় থাকেন রাধারমণ। রাসের চতুর্থ দিনে পালিত হয় ‘কুঞ্জভঙ্গ’ অনুষ্ঠান। রাসের কয়েক দিন রাসমঞ্চে অবস্থান করার পর এই দিন কুঞ্জ ভেঙে রাধারমণকে পুনরায় মূল মন্দিরের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।



