সংবাদদাতা, আলিপুরদুয়ার: আগামী রাজ্য বাজেটেই আলিপুরদুয়ার জেলায় নতুন একটি মহকুমা গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। প্রশাসনিক সূত্রে এমন খবরই মিলছে। ২০১৪ সালের ২৫ জুন সাবেক জলপাইগুড়ি জেলা ভেঙে পৃথক জেলা হয় আলিপুরদুয়ার। সেসময় আলিপুরদুয়ার জেলার একটিই মহকুমা ছিল। সেটি হল আলিপুরদুয়ার। তারপর ১২ বছর কেটে গিয়েছে, নতুন মহকুমা আর গঠন হয়নি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই জেলায় নতুন মহকুমা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আসন্ন রাজ্য বাজেটেই তার ইঙ্গিত মিলতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। এবার লাখ টাকার প্রশ্ন জেলার কোন জনপদ নতুন মহকুমা হতে চলেছে?
জেলায় দীর্ঘদিন ধরে ফালাকাটা ও মাদারিহাটকে মহকুমা করার দাবি উঠেছে। সূত্রের খবর, জেলায় নতুন মহকুমা গঠনে কিছুটা হলেও এগিয়ে আছে মাদারিহাট। আর মহকুমা নিয়ে ফালাকাটার বাসিন্দা রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে মাদারিহাট বিধানসভার বাসিন্দা আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার মধ্যে চাপা দড়ি টানাটানি শুরু হয়েছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যদিও দু’জনেই এই ধারণার কথা উড়িয়ে দিয়েছেন।
স্কুল শিক্ষামন্ত্রী বলেন, আমি ফালাকাটার বাসিন্দা। ফলে আমি তো ফালাকাটাকে মহকুমা চাইবই। তবে রাজ্য সরকার নতুন মহকুমা গঠনে ভৌগোলিক অবস্থানকে গুরুত্ব দিতে চাইছে। আমি ভৌগোলিক অবস্থান তো বদলাতে পারব না। অন্যদিকে এমপি মনোজ টিগ্গা বলেন, নতুন মহকুমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। তবে জেলা সদর থেকে দূরত্বের কারণে আমি চাইব মাদারিহাটকেই মহকুমা করা হোক। সব মিলিয়ে জেলার নতুন মহকুমা ফালাকাটা না মাদারিহাট হবে সেটা সময়ই বলবে।
উল্লেখ্য, ইংরেজ আমলে ১৮৬৯ থেকে ১৮৭৬ সাল পর্যন্ত ফালাকাটা মহকুমা ছিল। ১৮৭৬ সালের পর ফালাকাটা মহকুমার মর্যাদা হারায়। ফালাকাটা জেলার দ্বিতীয় পুর এলাকা। এখানে রেলস্টেশন, সুপার স্পেশালিটি হাসপাতাল ও রাজ্যের আদর্শ কৃষক বাজার আছে। আছে আউটডোর স্টেডিয়াম, কলেজ ও বেশ কয়েকটি হাইস্কুল। অন্যদিকে, মাদারিহাটেও রেলস্টেশন, বীরপাড়ায় কলেজ ও বিস্তীর্ণ চা বলয় আছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের সুবাদে মাদারিহাট রয়েছে বিশ্ব পর্যটন মানচিত্রে। ভৌগোলিক অবস্থানের কারণে ভুটান সীমান্তে মাদারিহাটের বান্দাপানি, কালাপানি, মাকরাপাড়া, লংকাপাড়া, পাগলি খাস এলাকাগুলি জেলা সদর শহর থেকে অনেকটাই দূরে। প্রশাসনিক কাজে জেলা সদরে যেতে এসব এলাকার মানুষকে প্রচণ্ড বেগ পেতে হয়। সব মিলিয়ে এখন দেখার মাদারিহাট না ফালাকাটা, জেলার কোন জনপদ নতুন মহকুমা হতে চলেছে।



