ওয়েলিংটন: সেই তো, এখনও ১২ বলে ৫০ রানের রেকর্ড ভাঙতে পারলি না!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মার ধুন্ধুমার ইনিংস তখনও মাঝপথে। এমন সময়েই নেটদুনিয়ায় শিষ্যকে মজার ছলে চিমটি কেটে পোস্ট যুবরাজ সিংয়ের। ৩৮ বলে ১১৩ রানের মারাকাটারি ইনিংস সত্ত্বেও অভিষেক অবশ্য গুরুর দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করতে নারাজ। ম্যাচের সেরার পুরস্কার হাতে তিনি একগাল হেসে বলেন, ‘আগেও বলেছি, তখন যে উনি কেমন ক্রিকেট খেলতেন, কে জানে! যদি ওঁর মতো কেউ ব্যাট করতে চায়, তবে কাজটা একেবারেই সহজ নয়। ১২ বলে ৫০ করা রীতিমতো কঠিন। ক্রিজে গেলাম আর এটা হয়ে গেল, এমন মোটেই নয়। এগুলো কখনো কখনো হয়ে যায়। তবে আমরা রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে মাঠে নামি না। দলের জয়ই থাকে আমাদের একমাত্র লক্ষ্য। বৈভবের সঙ্গে আমি সেই পরিকল্পনা নিয়েই ক্রিজে গিয়েছিলাম।’
২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরানে পৌঁছান যুবি। সেই ইনিংসেই স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয়টি বলই পাঠান সীমানার ওপারে। রসিকতার মেজাজে সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন যুবি। কারণ, এদিন অভিষেকের পঞ্চাশে পৌঁছাতে লেগেছে ১৫ বল। তবে পরে যুবি আর একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাতে হাসির ইমোজি দিয়ে লেখেন, ‘আমিও অবশ্য ৩০ বলে বা ৩৪ বলে কখনও একশো রান করিনি। ওয়েল প্লেড স্যার অভিষেক। গ্রেট ইনিংস।’ উল্লেখ্য, এদিন অভিষেকের শতরান আসে ৩৫ বলে। গত মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ৩০ বলে তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন তিনি।



