গণতন্ত্রে রাষ্ট্রের শক্তি
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মৌলিক অধিকার নিয়েই বাঁচবেন নাগরিক। এটাই গণতান্ত্রিক দেশের সৌন্দর্য। মৌলিক অধিকারগুলির একটি হল সরকারের সমালোচনা। সরকারের খারাপ কাজ ও পদক্ষেপের প্রতিবাদ এবং বিরোধিতা করা নাগরিকের অর্জিত অধিকার। দেশের সংবিধানই নাগরিকের এবংবিধ স্বাধীনতা স্বীকার করে। অথচ মোদিযুগে বিরুদ্ধ-কণ্ঠের প্রতি অসহিষ্ণুতা যেন রাষ্ট্রীয় নীতির অঙ্গ হয়ে উঠেছে! প্রতিবাদ করলেই সেঁটে দেওয়া হচ্ছে ‘দেশদ্রোহী’র তকমা। প্রশ্ন করলেই তদন্তকারী সংস্থা তলব করছে। সঙ্গে জুটছে পুলিশি হয়রানি। যেকোনো স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী মতকে স্তব্ধ করার এ হল এক প্রতিষ্ঠিত কৌশল। এবার সেই তালিকায় যুক্ত হলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস এবং সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। তাঁরা ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে মুম্বইয়ে বিনা অনুমতিতে একটি সমাবেশ করেছিলেন বলে পুলিশের অভিযোগ। এসআইআর এবং ইসিআইয়ের অন্যায় ভূমিকার প্রতিবাদেই ছিল সেই কর্মসূচি। আর যায় কোথায়! তাঁদের বিরুদ্ধে এফআইআর করার পাশাপাশি এবং লুক আউট সার্কুলার (এলওসি) পর্যন্ত জারি করেছে মহারাষ্ট্র পুলিশ। তাহলে এটাই দাঁড়াচ্ছে নাকি—গান্ধীজয়ন্তীতে একটি প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়াই সৌরভদের ‘অপরাধ’? অর্থাৎ, প্রতিবাদে শামিল হওয়ার অভিযোগে দেশের বাইরে যাওয়ার পথও কার্যত রুখে দেওয়ার ব্যবস্থা করেছে রাষ্ট্র। এর মধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ব্রিটেন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকানো হয়েছে সৌরভ দাসকে। পাসপোর্টে তথ্যগত অসংগতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার এবার তাঁর নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছে। একটি প্রতিবাদ সমাবেশের অভিযোগ কীভাবে পাসপোর্ট থেকে নাগরিকত্বের প্রশ্নে গড়াল, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়ো। বিরুদ্ধ-কণ্ঠ-দমনে কি তবে প্রশাসনিক ক্ষমতা ও নাগরিকত্বের সংশয়কে হাতিয়ার করছে মোদি সরকার? এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে ভয়াবহ। 

Advertisement

প্রশ্ন হল, একটি প্রতিবাদ সমাবেশের জন্য কাউকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাব্য অভিযুক্ত হিসাবে বিবেচনা করতে হবে কেন? কোনো অপরাধের তদন্তে আইনের প্রয়োগ করা যেতেই পারে। কিন্তু তার আড়ালে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মতলব কেন? প্রতিবাদের অধিকারকে অপরাধের সঙ্গে এক করে দেখার প্রবণতা অনভিপ্রেত এবং গণতন্ত্রের পক্ষে অশনিসংকেত বইকি! সৌরভ দাসের বিদেশ গমন রুখে দেওয়ার ঘটনা এই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তাঁর পাসপোর্টে জন্মস্থান, অভিভাবকের পরিচয় কিংবা অন্যান্য তথ্যের অসংগতির অভিযোগ থাকলে তার তদন্ত হতেই পারে। কিন্তু সাতবছর আগে ইস্যু হওয়া পাসপোর্ট নিয়ে হঠাৎ ২০২৬ সালের এই তৎপরতা বেনজির। এর কারণটিও অরাজনৈতিক বলে মেনে নেওয়া কঠিন। তার চেয়েও গুরুতর প্রশ্ন হল, এই প্রসঙ্গে নাগরিকত্ব নিয়ে টানাটানিরই-বা প্রয়োজন কী? নাগরিকত্ব কোনো সরকারের দয়ার দান নয়, সংবিধান ও আইন দ্বারা সুরক্ষিত একটি অধিকার। প্রশাসনিক নথিতে ত্রুটি থাকলে তার নিষ্পত্তির নির্দিষ্ট আইনি পথ রয়েছে। বিষয়টিকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকিতে পরিণত করা যায় কি?
নাগরিকের ব্যক্তিগত নথি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার অভিযোগও সমান উদ্বেগজনক। যে তথ্য রাষ্ট্রের হেপাজতে ছিল তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হলে তাতে শুধু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয় না, গণতান্ত্রিক ব্যবস্থার উপরেও আঘাত নেমে আসে। এর আগে প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তরমন্তরে আন্দোলনের সময় ককরোচ নেতৃত্বের বিরুদ্ধে পুলিশি পীড়ন নামিয়ে আনা হয়। শীর্ষ আদালতের হস্তক্ষেপেই সেই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার। সেই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, আইনের শাসনের নামে আইনকে রাজনৈতিক অস্ত্র করে তোলার চেষ্টা শেষপর্যন্ত আদালতের পরীক্ষার মুখে পড়তে পারে। বিরুদ্ধ মতকে দমন করার এই প্রবণতা কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক ঘটনা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক অসহিষ্ণুতারই প্রতিফলন। আন্দোলন দমনে সৃষ্ট সাময়িক নীরবতা মানুষের সংগত প্রশ্নাবলি মুছে দিতে পারে না। বিশেষত তরুণ প্রজন্ম যখন সংবিধান, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, তখন তাদের মোকাবিলায় রাষ্ট্রের দায়িত্ব হল স্বচ্ছতার সঙ্গে যুক্তিপূর্ণ জবাব প্রদান। পুলিশি ক্ষমতা প্রদর্শন সবসময়ই নিন্দনীয় ও পরিত্যাজ্য। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু সংবিধানের মর্যাদা এবং নাগরিক স্বাধীনতার প্রশ্ন যাবতীয় দলীয় স্বার্থের ঊর্ধ্বে। এলওসি জারি, এয়ারপোর্টে রুখে দেওয়া কিংবা নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরির মতো পদক্ষেপের পিছনে যথার্থ আইনি কারণ থাকলে তার ব্যাখ্যা প্রদান জরুরি। সরকারকে কোর্টেও জবাবদিহি করতে হবে। দিল্লি হাইকোর্টে পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর। সেদিকেই নজর থাকবে সারা দেশের। কজন বিরোধীকে চুপ করানো গেল, গণতন্ত্রে রাষ্ট্রের শক্তি তা দিয়ে বিচার করা চলে না। তার চেয়ে বেশি দেখতে হবে নাগরিক নিজের মত কতটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারছেন। গণতন্ত্রের সুস্থতার প্রকাশ তাতেই। এই লড়াই দেশের সংবিধানকে রক্ষা করার। এই সংগ্রাম প্রতিটি নাগরিকের।