তন্ময় মল্লিক: ২০০৬ থেকে ২০২৬। দু’দশকে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বদলে গিয়েছে রাজ্য রাজনীতির রং। শুধু বদলায়নি সিঙ্গুরের ভাগ্য। সিঙ্গুর শুধু একটি ভূখণ্ডের নাম নয়, রাজনীতির হাতিয়ার। স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের জীবন্ত দলিল। ফের সেই সিঙ্গুরে জেগেছে শিল্প স্থাপনের আশা। তাই সোনার দামের রেকর্ড পতন, শাসক দলের তোলাবাজি, তিন শক্তিধর রাষ্ট্রনেতার ঐতিহাসিক বৈঠকের মতো গরমাগরম ইস্যুর মাঝেও চর্চা হচ্ছে সিঙ্গুর নিয়ে। শুভেন্দু অধিকারীর সরকার টাটাদের ছেড়ে যাওয়া জমিতে কারখানা আনতে পারলে সংগঠনের জন্য ভাবতে হবে না। তবে সিঙ্গুরকে ফের ‘কুমির ছানা’ বানালে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভাষায় বলতে হবে, রাজা আসে যায়, রাজা বদলায়, পোশাকের রং বদলায়....দিন বদলায় না।
বাংলায় শিল্প না হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বামেদের দিকে আঙুল তুলেছেন। তিনি পাঁচ দশক আগের প্রসঙ্গ টেনে এনে বলেছেন, এ রাজ্যে সেমিকনডাক্টর কারখানা গড়ার জন্য প্রস্তাব এসেছিল। কিন্তু, বামেদের বিরোধিতায় তা হয়নি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে বামেরা বেজায় চটেছে। সেটাই স্বাভাবিক। সিপিএম নেতৃত্ব সেক্টর ফাইভ, হলদিয়া পেট্রোকেম, বক্রেশ্বর যে তাদের আমলেই হয়েছে, সেকথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ নস্যাৎ করার চেষ্টা করেছে।
তবে, সিপিএম নেতৃত্ব যাই বলুক না কেন, শিল্পে বাংলার পিছিয়ে পড়ার দায় তারা কিছুতেই অস্বীকার করতে পারবে না। কথায় কথায় ধর্মঘট আর ‘চলছে না, চলবে না’র রাজনীতি বাংলায় শিল্পের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। সাধারণত সরকারের উপর চাপ সৃষ্টির জন্য বিরোধী দল ধর্মঘট করে, বন্ধ ডাকে। কিন্তু, দশকের পর দশক ক্ষমতায় থেকেও ধর্মঘট ডাকার নজির একমাত্র বামেদেরই আছে। জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন শিল্পপতি ধরে আনার জন্য রুটিন করে বিদেশে যেতেন। প্রতিবারই অশ্বডিম্ব প্রসব করত। তার প্রধান কারণ সিপিএমের ‘বন্ধ্যার রাজনীতি’। কোটি কোটি টাকা বিনিয়োগ করে ট্রেড ইউনিয়নের কথায় ওঠবস করতে কে আর চায়? সেই কারণেই বুদ্ধদেববাবু আক্ষেপ করে বলেছিলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি এমন একটা দলে আছি যারা বনধ সমর্থন করে।’
বুদ্ধদেববাবুর এই মন্তব্যে ট্রেড ইউনিয়নের নেতারা প্রচণ্ড চটেছিলেন। ‘ড্যামেজ কন্ট্রোল’ করার জন্য জ্যোতি বসু বলেছিলেন, ‘ধর্মঘটের অধিকার কোনো সরকারের দান নয়। এটা দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ এবং সংগঠিত আন্দোলনের মাধ্যমে অর্জিত একটি গণতান্ত্রিক অধিকার।’
বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী হয়ে বুঝেছিলেন, শিল্প চাই বললেই শিল্পপতিরা আসবেন না। তারজন্য পরিবেশ ও পরিকাঠামো গড়ে তুলতে হবে। পশ্চিমবঙ্গ সম্পর্কে শিল্পপতিদের যে নেতিবাচক ধারনা তৈরি হয়েছে, তার বদল ঘটাতে হবে। সেই ধারা পরিবর্তনের জন্য বুদ্ধদেববাবুকে ঘরে-বাইরে লড়াই করতে হয়েছিল। বুদ্ধদেববাবু এবং নিরুপম সেনরা দলের অভ্যন্তরে প্রশ্ন তুলেছিলেন, নয়া উদারনীতির সঙ্গে লড়াই করার ক্ষমতা একটা রাজ্য সরকারের আছে কি না! দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটা দল কি নেতিবাচক রাজনীতিই করে যাবে? নাকি ইতিবাচক রাজনীতি করবে? তারই পরিপ্রেক্ষিতে বামেদের শিল্পনীতির কিছু পরিবর্তন হয়েছিল। আউট সোর্সিংয়ের সুযোগকে পুরোমাত্রায় কাজে লাগিয়েছিল বুদ্ধদেববাবুর সরকার। সেই সুবাদেই কলকাতার সেক্টর ফাইভ ‘তথ্য প্রযুক্তির রাজধানী’ বেঙ্গালুরুকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছিল।
সপ্তম বামফ্রন্ট সরকার গড়ার আগে সিপিএম স্লোগান দিয়েছিল, ‘কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ।’ বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন প্রতিটি জনসভায় একটা কথা বলতেন, ‘কৃষিতে আমাদের আরও উন্নতি করতে হবে। পাশাপাশি লেখাপড়া জানা শিক্ষিত যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করতে হবে। তাদের স্বার্থেই রাজ্যে শিল্প চাই।’ ২০০৬ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বামফ্রন্ট। বুদ্ধদেববাবু মনে করেছিলেন, মানুষ শিল্পস্থাপনের পক্ষে রায় দিয়েছে। তাই শপথ নেওয়ার পরই টাটাদের সিঙ্গুরে গাড়ি কারখানা গড়ার প্রস্তাব দিয়েছিলেন।
টাটাদের গাড়ি কারখানা নিয়ে আপত্তির কোনো জায়গা ছিল না। সমস্যা ছিল জমির স্থান নির্ধারণ নিয়ে। সিঙ্গুরে প্রস্তাবিত গাড়ি কারখানার মধ্যে প্রচুর তিন ফসলি জমি ছিল। চাষ করেই চলত বহু সংসার। সেই জমি জোর করে কেড়ে নেওয়ায় তৈরি হয়েছিল প্রতিরোধ। আন্দোলনকারীরা প্রস্তাব দিয়েছিল, এক্সপ্রেসওয়ের দু’ দিকে ৬০০ এবং ৪০০ একর জমিতে কারখানা হোক। কিন্তু, বুদ্ধদেববাবু সেই প্রস্তাব মানেননি। উলটে বলেছিলেন, আমরা ২৩৫, ওরা ৩০। আমরা কী করব, সেটা ওরা ঠিক করে দেবে?
গণতন্ত্রে সংখ্যা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যা নির্ধারক শক্তি। কিন্তু, সংখ্যাই শেষ কথা নয়। সংখ্যার জোরে নেওয়া সিদ্ধান্ত বহু ক্ষেত্রে বিপদের কারণ হয়। তার প্রমাণ সিঙ্গুর ও নন্দীগ্রাম। সিঙ্গুরে জমি রক্ষার আন্দোলনের মধ্যে দিয়ে বাম সরকারের কফিন তৈরি হয়েছিল। আর পেরেকটা পুঁতেছিল নন্দীগ্রামের আন্দোলন। টাটাদের কারখানার জন্য জমির স্থান নির্ধারণ যে ঠিক হয়নি, সেটা সিপিএমের নেতারা গোড়াতেই বুঝেছিলেন। কিন্তু, প্রতিবাদ করার সাহস পাননি। কারণ বাংলায় তখন চলছিল ‘ব্র্যান্ড বুদ্ধ’। তবে, ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১২ সালের পার্টি কংগ্রেসে বাংলায় কেন পরাজয়, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। সেখানে কারখানার জন্য জমির স্থান নির্ধারণের বিষয়টি উঠেছিল। কারখানার জন্য উর্বর জমির পরিবর্তে জলা এবং এক ও দু’ ফসলি জমি নিলে এই পরিণতি হত না বলে অনেকে অভিমত প্রকাশ করেছিলেন।
তবে, এখন সিঙ্গুরে উর্বর-অনুর্বর জমি নিয়ে কোনো সমস্যা নেই। কারণ টাটারা কৃষিজমিকে কারখানা যোগ্য করার জন্য বালি ফেলায় এখন সবটাই অকৃষি জমি। তৃণমূল সরকার চাষিদের জমি ফেরত দেওয়ার পাশাপাশি তা চাষযোগ্য করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু, সফল হয়নি। পরে মাছচাষের উদ্যোগ নেয়। কিন্তু, সেই প্রচেষ্টাও জলে গিয়েছে। এখনও বহু জমি চিহ্নিত করা যায়নি। ফলে অনেক চাষির হাতে কাগজ থাকলেও জমি নেই। এই অবস্থায় কারখানার জন্য ফের জমি নিলে অনেক চাষি হাঁফ ছেড়ে বাঁচবেন। টাকা দিলেই তাঁরা জমি ছেড়ে দেবেন। এক কথায়, সিঙ্গুর কারখানার জন্য প্রস্তুত।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে বিজেপি। আর জি কর ইস্যুতে রাজ্য যখন উত্তাল তখন বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী সিঙ্গুরে শিল্পের দাবিতে মিছিল, মিটিং করেছেন। তিনি বলেছিলেন, ‘ভাতা কোনো সমাধান নয়। কর্মসংস্থান আর সরকারের রাজস্ব বাড়াতে শিল্পের প্রয়োজন।’ ভাতা রাজনীতির অবসান হয়নি। তবে মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দুবাবু সিঙ্গুরে শিল্প তৈরির ব্যাপারে উদ্যোগী হয়েছেন। তাঁর দাবি, ‘সিঙ্গুরে কিছু একটা হবে।’ শোনা যাচ্ছে, অশোক লেল্যান্ড কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে। সিঙ্গুরে ট্রাক তৈরি হবে। জমি লাগবে ৯৯৭ একর। জমি কেনার প্রাথমিক প্রক্রিয়াও শুরু হয়েছে।
শেষপর্যন্ত অশোক লেল্যান্ড যদি ট্রাক তৈরির কারখানা করার জন্য সিঙ্গুরকে বেছে নেয় তাহলে বলতে হবে, টাটারা চলে যাওয়ায় বাংলার লাভই হয়েছে। ২০০৮ সালে ন্যানো গাড়ির কারখানা গুজরাতের সানন্দে চলে যাওয়াটা বাংলার জন্য শাপে বর হয়েছে। কারণ অশোক লেল্যান্ডের ট্রাকের পরিণতি ন্যানো গাড়ির মতো হবে না। অশোক লেল্যান্ডের ট্রাক ভারতের অন্যতম বাণিজ্যিক পরিবহণ যান। আর ন্যানো ছিল ‘এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট’। সেই কারখানার জন্য টাটা গোষ্ঠীকে শুধু জামাই আদর করে ডেকে আনাই হয়নি, দেওয়া হয়েছিল বিস্তর সুযোগ। যা বামফ্রন্ট সরকার প্রকাশ্যে আনতে চায়নি।
সময়ের দাবি মেনে কারখানা হবে। সেই কারণেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দু’ ধারে গজিয়ে উঠেছে ছোটো ছোটো অসংখ্য কারখানা। সিঙ্গুরে একলপ্তে ৯৯৭ একর জমি যেকোনো কোম্পানির জন্যই সুর্বণ সুযোগ। তাই কোন কোম্পানি সিঙ্গুরে আসবে, সেটা বড়ো কথা নয়। রাজ্য সরকার যেন শিল্পপতিদের শর্তের কাছে আত্মসমর্পণ না করে।
রাজ্যবাসীর দাবি, সিঙ্গুরে শিল্প হোক। বন্ধ হোক সিঙ্গুরকে ‘কুমির ছানা’ বানানোর রাজনীতি। পাঁচ দশকের বঞ্চনার অবসান ঘটুক। ডবল ইঞ্জিন সরকারের সুবিধাকে কাজে লাগাক বাংলার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী সেই সুযোগ কাজে লাগিয়ে টাটাদের ফেলে যাওয়া জমিতে কারখানা করতে পারলে ঊনত্রিশের ভোটে সিঙ্গুরই হবে ‘গেম চেঞ্জার’।


