জিষ্ণু বসু: এথনিক ক্লিনসিং কথাটির মানে কোনো জাতিগোষ্ঠীর চিহ্ন, পরিচয় একটি ভূমিখণ্ড থেকে মুছে দেওয়া। গত আট দশক ধরে পূর্ববঙ্গে লাগাতার এই পরিকল্পনা কার্যকর হচ্ছে। নারাইল জেলার কালিয়া উপজেলায় ঘোষপাড়ার ঘটনা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। একটি ছায়াঘেরা গ্রাম ঘোষপাড়া। প্রায় চব্বিশ ঘণ্টা ধরে জ্বলেছিল ১০০টির বেশি বাড়ি। এই ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এই বছর ৮ টি ডিভিশনে মোট ৬৫টি জেলায় ৪০৮টি স্থানে এইভাবে হিন্দুদের ভিটেমাটি ছাড়া করা হয়েছে। এবছর দুর্গাপুজোর অষ্টমীর দিন সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের জেলেপাড়ার বাসিন্দা গুরুপদ জলদাসের বসতবাড়িটিও আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও জমি দখলের উদ্দেশ্যে এমন ভাবে আগুন লাগানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যেন মনে হচ্ছে শেষ হিন্দুটিকেও পূর্ববঙ্গ থেকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত এই বৃহত্তর ষড়যন্ত্র চলবে।
২০ অক্টোবর ২০২৬: দুর্গাপুজোর নবমীর দিন ফরিদপুরে তরতাজা কলেজ ছাত্র কৌশিক সাহা জিতুর মরদেহ উদ্ধার হয়েছে। জিতু সপ্তমীর রাতে পুজো দেখতে বের হয়েছিল, আর ফেরেনি। ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর মদনখালী স্লুইসগেট সংলগ্ন কুমার নদ থেকে ভাসমান অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
২৪ অক্টোবর ২০২৬: খুলনা নগরীর গাছতলা এলাকায় ৪০ বছরের ধনঞ্জয় কুণ্ডু আকাশ নামের এক যুবককে চাঁদার টাকা না দিতে পারায় তলপেটে গুলি করা হয়। ২৪ অক্টোবর ঝিনাইদহে এক হিন্দু নারীকে চুল কেটে ও গায়ে লঙ্কার গুঁড়ো লাগিয়ে নির্যাতন করে স্থানীয় জেহাদি সন্ত্রাসীরা। ১৯৪৬ সালে কোজাগরী লক্ষীপুজোর দিনই নোয়াখালীতে হিন্দুনিধন শুরু হয়েছিল। সেটা ছিল দেশভাগের সময়কার ভয়ংকরতম নরসংহার। মহাত্মা গান্ধী এসেছিলেন নোয়াখালীতে। ২০২৬ সালের ২৫ অক্টোবর ছিল লক্ষ্মীপুজোর দিন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে স্থানীয় স্কুলশিক্ষক মনোরঞ্জন রায়কে লাঠিপেটা করে প্রকশ্যে হত্যা করা হয় বলে অভিযোগ।
২৬ অক্টোবর ২০২৬: লক্ষ্মীপুজোর পরদিন সন্ধ্যার পর রংপুরের পীরগঞ্জে উপজেরা চককরিম গ্রামে তিনটি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুট করে ৫০/৬০ জনের একটি সশস্ত্র দল। হামলার ঠিক আগে পরিকল্পিতভাবে ওই হিন্দুপাড়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেইসময় তারা ঘরবাড়ি ভেঙে তছনছ করার পাশাপাশি ঘরের দামি জিনিসপত্র, গরু-ছাগল সবই লুট করে নিয়ে যায়। তাদের অপরাধ? বহুদিন আগের একটি ফেসবুক ভিডিয়ো। যাতে নাকি ইসলাম-এর অবমাননা করেছিলেন ওই হতভাগ্য মানুষগুলি। সেইদিনই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলাম অবমাননার ভুয়ো অভিযোগে প্রাক্তন পুলিশ কনস্টেবল কৃপেশ রায়কে গ্রেফতার করে পুলিশ। কৃপেশের নাম দিয়ে ভুয়ো ফেসবুক আইডি খুলে সেখান থেকে ইসলাম অবমাননাকর পোস্ট দেওয়া হচ্ছে দেখে কৃপেশ নিজে তাহিরপুর থানায় উপস্থিত হয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ডায়েরি করেছিলেন। কৃপেশের অভিযোগের কোনো তদন্ত না করেই জেহাদি জনতার আক্রোশের মুখে তাকেই গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ। এখনও তিনি জামিন পাননি। তিনি নিজে কনস্টেবল পদে পুলিশে চাকরি করতেন। এই ঘটনা হিন্দুদের একটা শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার ধানখেত থেকে মনোরঞ্জন মণ্ডল নামে এক কৃষকের লাশ পাওয়া গিয়েছে।
২৭ অক্টোবর ২০২৬: ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেটে রবেন্দ্র ঋষি নামের ৪৩ বছরের এক ক্ষৌরকারকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে সাদ্দাম হোসেন। রবেন্দ্র ঋষির কাছ থেকে জোর করে ভয় দেখিয়ে বারবার নেশার টাকা নিত সাদ্দাম। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি সে। রবেন্দ্রর মেয়েকেও পেতে চেয়েছিল এই সাদ্দাম। এর প্রতিবাদ করাতেই তাকে মরতে হল।
১ নভেম্বর ২০২৬: নরসিংদীর রায়পুরা উপজেলার রহিমাবাদ গ্রামের শ্যামল চন্দ্র দাস নিখোঁজ হওয়ার ২ দিন পর তার পচাগলা মরদেহ উদ্ধার হয় ব্রাহ্মণবাড়িয়া সলিমগঞ্জ এলাকার নদীর জলে। নরসিংদীর রায়পুরা থেকে কোম্পানির বিভিন্ন সামগ্রী নিয়ে নৌকা ভাড়া করে তিনি বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন। প্রায় ১০ বছর ধরে তাঁর সঙ্গী ছিল খোদাদিল্লা গ্রামের রেজন মিয়া মাঝি ও তার ছেলে জহিরুল মাঝি। পূর্বপরিকল্পনা মতো জহিরুল মাঝি তাকে মাঝপথে মেঘনা নদীতে অন্য একটি নৌকায় নীলক্ষার কিছু সন্ত্রাসীর হাতে তুলে দেয়। তারা শ্যামলকে খুন করে লাশ নদীতে ফেলে দেয়।
৩ নভেম্বর ২০২৬: এদিন সকালে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজার এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চত্বরে এক হিন্দু যুবতীর লাশ উদ্ধার হয়। ওইদিনই সাতক্ষীরার তালা উপজেলার মহন্দী আকঞ্চিপাড়ায় রাত ৮টায় হিন্দু মিষ্টি ব্যবসায়ী রবীন ঘোষকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে তাঁরই দোকানের কর্মচারী লিটন শেখ।
৫ নভেম্বর ২০২৬: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সিংহাড়ি গ্রামের ধানখেত থেকে অনিল চন্দ্র সিংহের বাইসাইকেল সহ হাত পা বাঁধা লাশ উদ্ধার হয়। আর ৬ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে বাড়িতে ঢুকে এক মহিলাকে পাশবিক নির্যাতন করে সারা শরীর ক্ষতবিক্ষত করে ফেলে ক্ষমতাসীন দলের কয়েকজন সন্ত্রাসী। থানায় অভিযোগ করতে গেলে ওসি বলেন, “এমন সুন্দরী নারীর সৌন্দর্যই তার কাল হয়েছে। বোরখা পরলে এমন হতো না।”
৮ নভেম্বর ২০২৬: রাজধানী ঢাকার শাঁখারীবাজার শনি মন্দিরের সামনে দীপাবলির অনুষ্ঠানে পার্শ্ববর্তী ফ্ল্যাট থেকে জল ফেলে প্রদীপ নিভিয়ে ফেলে। অপরাধীরা নিজেরাই সেই ভিডিয়ো করে ফেসবুকে প্রচার করে। চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে একটা সভ্যতা, একটা মানবিক মুখ। এই দিনই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দিরে কালীপুজোর আয়োজনে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র সংগঠনগুলি। কালীপুজো বন্ধের দাবিতে বারবার তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ সৃষ্টি করে। কালীপুজোর দিন লালমনিরহাটের কালীগঞ্জে হিন্দুদের জমির ধান জোর করে কেটে নিয়ে যাওয়া হয় উৎসব করার অপরাধে। কালীপুজোর পরদিন পঞ্চগড়ের দেবীগঞ্জে আবার হিন্দুদের জমির ধান জোর করে কেটে নিয়ে যায়।
১০ নভেম্বর ২০২৬: নরসিংদীর কাশিপুরে রণজিৎবাবুর বাড়ির কালী পুজোর মণ্ডপে ক্ষমতাসীন দলের নেতারা হামলা করে বলে অভিযোগ। সেইদিনই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের ভিতরে দুর্গামন্দিরে তালা লাগিয়ে দিয়ে বিভিন্ন সাজসজ্জার ভাঙচুর করা হয়। আরও এক ভয়ানক নৃশংস ঘটনা ১০ নভেম্বর ঘটেছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকায়। একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী চা শ্রমিক জনগোষ্ঠীর ১৯ বছরের তরুণীর লাশ উদ্ধার করা হয়। আগেরদিন রাতে গণধর্ষণ করে তরুণীকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে।
১১ নভেম্বর ২০২৬: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা ভূমি অফিসের সেপটিক ট্যাঙ্কের উপর গাছের সঙ্গে বাঁধা অবস্থায়
পিন্টু কর (২০) নামে এক যুবকের লাশ পাওয়া গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতা করে মুসলিম কিছু শিক্ষার্থী এবং জেহাদিরা। মূর্তি নির্মাণ
হারাম বলে প্রচার এবং জগন্নাথ হলে তাণ্ডবের হুমকি দেয় তারা।
১২ নভেম্বর ২০২৬: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে কোম্পানির চা বাগানের ডিনস্টন ডিভিশন ও চা কারখানার শ্রমিকদের কার্তিক মাসের বার্ষিক কীর্তন অনুষ্ঠানে বাধা দেয় মৌলবাদীরা। কীর্তনে বাধা দেওয়ার প্রতিবাদে চা শ্রমিকরা একদিন ধর্মঘট করলে কারখানা কর্তৃপক্ষ ১২ নভেম্বর থেকে বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে শত শত শ্রমিক ও তাদের পরিবারের জীবন অনিশ্চিত করে দিয়েছে। এই চা শ্রমিকদের সকলেই হিন্দু।
১৬ নভেম্বর ২০২৬: নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাচারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা। ভদ্রমহিলাকে তলপেটে লাথি মেরে আহত করে মৌলবাদীরা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতারা এই কাজ করে বলে অভিযোগ। এই দিনেই গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশের অজুহাতে বাবুল বিশ্বাস (৪২) নামে একজন হিন্দুকে গণপ্রহারে হত্যা করে জেহাদিরা। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ আওয়ামি লিগের কর্মী আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তা সহ ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত করে সন্ত্রাসীরা। ওই দুই কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ পরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল এবং অর্থ ও হিসাব দপ্তরের উপ পরিচালক সঞ্জয় কুমার পাল। এদের মধ্যে হিমাদ্রি শেখর মণ্ডল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। কেবলমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে হিমাদ্রি ও সঞ্জয়কে পিটিয়ে রক্তাক্ত করা হয়।
১৮ নভেম্বর ২০২৬: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা শ্মশানকালীর মূর্তিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্থানীয় জেহাদিরা। নারায়ণগঞ্জ নগরীর কালিরবাজারে ঐতিহ্যবাহী আদি আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের কারখানার ভিতরে ঢুকে প্রতিষ্ঠানের ম্যানেজার তাপস কুমার দত্তকে (৬০) মারধর করে আধমরা করে ফেলে যাওয়া হয়। এদিন সন্ধ্যায় বিএনপিএর এক নেতা আদি আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারে টিফিন খেতে এলে খাবার দিতে একটু দেরি হয়। এ কারণে সে ওই দোকানের কর্মচারীদের গালাগালি করে ও মালিককে মারধরের হুমকি দেয়। পরে তার ছেলে ১৫/ ২০ জনের দল নিয়ে দোকানের কারখানায় হামলা করে তাপস কুমার দত্তকে রক্তাক্ত করে ফেলে চলে যায়।
১৯ নভেম্বর ২০২৬: চলচ্চিত্র ও নাট্যশিল্পী জ্যোতিকা পাল জ্যোতিকে গভীর রাতে তাঁর ঢাকার ফ্ল্যাটের দরজা ভেঙে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে নিষিদ্ধ আওয়ামি লিগের দোসর আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ৬টি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে পরিবার বা আইনজীবীর কোনো সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি শারীরিকভাবে অসুস্থ এই শিল্পীকে ওষুধ বা ইনসুলিনও নিতে দেওয়া হয়নি। একই দিনে কিশোরগঞ্জের ইটনা উপজেলা ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে অদ্বৈত সরকার আদিত্য (৫৫) নামে হিন্দু স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। এদিনই ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের একটি লিচুবাগান থেকে বিমল (৪৫) নামের আরও একজন হিন্দুর লাশ উদ্ধার করা হয়।
২০ নভেম্বর ২০২৬: নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর ঘোষপাড়া গ্রামে নিষিদ্ধ আওয়ামি লিগ নিধনের নামে শতাধিক হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার আগে বাড়িগুলোতে লুটপাট করা হয়েছে। সাংবাদিকদের উপরে চলছে নির্মম অত্যাচার। ৫ নভেম্বর সংবাদ প্রকাশের অপরাধে ডিবিসি টিভির সাংবাদিক রাজীব দাসকে নিউজরুম থেকে ধরে নিয়ে যায় পুলিশ। বাংলাদেশে কেবল হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে না, বাঙালি সভ্যতা সংস্কৃতি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ঢাকায় একবার, খুলনায় একই জায়গাতে দু-দুবার রবীন্দ্রনাথের ছবি কালিমালিপ্ত করা হয়েছে। এর আগে বিভিন্ন স্থানে রবীন্দ্রনাথের ম্যুরাল ভাঙা হয়েছে। মূর্তি ভাঙা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কুঠিবাড়িটি ভাঙা হয়েছে। অসম্মান করা হয়েছে কাজী নজরুল ইসলামের পবিত্র সমাধিস্থল।
আজ একটা সহজ প্রশ্ন আন্তর্জাতিক মানবাধিকার মঞ্চগুলিতে করা প্রয়োজন। প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের থেকে বাংলাদেশে কি অনেক বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? ২০২৩ সালের ১১ অক্টোবরের হামলায় হামাস অন্তত ১২০০ জন নিরীহ ইজরায়েলবাসীকে হত্যা করেছিল। তবু সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের প্যালেস্টাইনের সমর্থনে কলকাতার রাস্তা রুদ্ধ হয়ে যায়। বাংলাদেশের চরম হিন্দু বিদ্বেষীও বলবেন না যে, সেখানে কখনো কোনো হিন্দু কোনোরকম নাশকতাতে যুক্ত ছিলেন বা কোনোভাবে প্রত্যাঘাত করেছে। তবু বাংলাদেশের হিন্দুর জন্য এই তথাকথিত প্রগতিশীলরা একটি কথাও বলেন না! কারণ বাংলাদেশের হিন্দুর বাংলাভাষায় কান্নার আওয়াজ তাঁদের কানে পৌঁছায় না।
লেখক সাহা ইনসিটটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে কর্মরত (মতামত ব্যক্তিগত)


