Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

শাক বিক্রি হলেই হাঁড়ি চড়ে, ইলার সংসারে বাড়তি আনন্দ নেই পুজোয়

ময়লা পুরানো শাড়ি পরা। বয়স ৭০ হয়ে গিয়েছে। চোখ গর্তে ঢুকে। চশমা পরেন। বোধহয় পাওয়ার বেড়েছে। ভালো দেখেন না।

শাক বিক্রি হলেই হাঁড়ি চড়ে, ইলার সংসারে বাড়তি আনন্দ নেই পুজোয়
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কুন্তল পাল, বনগাঁ: ময়লা পুরানো শাড়ি পরা। বয়স ৭০ হয়ে গিয়েছে। চোখ গর্তে ঢুকে। চশমা পরেন। বোধহয় পাওয়ার বেড়েছে। ভালো দেখেন না। তাকান যখন চাউনি করুণ। বসেন পথে, সামনে কিছু কলমি, ব্রাহ্মণী, কচুশাকের বান্ডিল। খদ্দের বেশি আসে না। ঠায় অপেক্ষা করেন বনগাঁ নিউ মার্কেটের এক কোনে বসে। বৃদ্ধার নাম ইলা দলপতি। 

Advertisement

মেঘ কাটলে নীল আকাশে পেঁজা তুলো মেঘের আনাগোনা। পুজো পুজো গন্ধ চাইলেই যেন ভেসে আসে। আকাশে তাকিয়ে ইলা দলপতি ভাবেন, পুজোরও গন্ধ আছে বুঝি! আমি কেন পাই না। খালবিল ঘুরে ঘুরে শাক তোলেন রোজ। বাজারে বিক্রি করতে বসেন। বেচতে পারলে তবে বাড়িতে হাঁড়ি চড়ে। পেট তবেই ভরে। ভাবতে ভাবতে বৃদ্ধার চোখে জল আসে। পুজো কাছে চলে এসেছে। তবে ইলা দলপতি তা টের পেয়েও পাচ্ছেন না। নতুন শাড়ি হয় না। পুরনো ময়লা শাড়িটির আঁচল চশমার ঝাপসা কাচ মোছার কাজে আসে। খুব খিদে পেলে চোখে জল আসে। আঁচলে জলও মোছা যায়। 
বনগাঁ কলুপুরের বাসিন্দা ইলাদেবী। অসুস্থ বলে ঠিকমতো হাঁটতে পারেন না স্বামী। স্বামী ছাড়াও ঘরে রয়েছে অসুস্থ এক মেয়ে। দুই ছেলে বিয়ে করে আলাদা সংসার করেছে। বৃদ্ধা বলেন, ‘মা-বাবা-বোনকে ভাত দিতে চায় না ছেলে।’ বলতে বলতে কেঁদে ফেলেন। আঁচল দিয়ে মোছেন। তাঁকে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে যেতে হয় হেঁটে হেঁটে।। মাঠে মাঠে ঘুরে শাক তোলেন। গোছা করে নিয়ে বাড়ি ফিরে শাক থেকে ময়লা বেছে বের করেন। বাজারে যান বেচতে। বিক্রি হলে তবে বাড়ি ফিরে ভাতের হাঁড়ি চড়ান। না হলে! না খাওয়া অবশ্য অভ্যাস হয়ে গিয়েছে তাঁদের। 
পুজোয় নতুন শাড়ি? স্বামী-মেয়ের নতুন জামা? শুনে চিলতে হাসি ফোটে ঠোঁটে। সে হাসি অনেকটা কান্নার মতো। ইলাদেবী বলেন, ‘শাড়ি আমরা কিনতে পারি না। বাজারে দু’বার শাড়ি দিয়েছিল। তাই পরি। বাড়ির সামনে বাজারে পুজো হয়। মাকে রোজই দেখতে পাই। তখন বুঝি পুজো এসেছে। তার আগে পুজো আসছে টের পাই না বাবা।’ 
পুজো পুজো গন্ধ বাতাসে যতই চাঞ্চল্য তৈরি করুক, পেঁজা তুলো মেঘ যতই রূপকল্প বানাক, শরতের রোদ যতই উজ্জ্বল করুক গ্রাম-শহর, সে রোদ ইলাদেবীর ঘরে কখনও উঁকি দেয়নি। ফলে পুজোর গন্ধ যতই পান অন্যরা, ইলাদেবীর নাকে তা আসে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ