সংবাদদাতা, রঘুনাথপুর: তোলাবাজি, ভয়-ভীতি প্রদর্শন ও প্রতারণা সহ একাধিক অভিযোগে রঘুনাথপুর-১ নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন ব্লক সভাপতি তথা আড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুফান রায় গ্রেপ্তার। বুধবার রাতে আদ্রা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, রাজ্যে পরিবর্তনের পর থেকে প্রধান এলাকা ছাড়া ছিলেন। প্রায় তিন মাস ধরে তিনি পঞ্চায়েতে আসছিলেন না। ফলে একাধিক উন্নয়নের কাজ সহ এলাকার মানুষের বিভিন্ন সার্টিফিকেট পেতে অসুবিধা হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকার মানুষ ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। ফলে প্রধানকে নিয়ে এলাকার মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ ছিল।
জানা গিয়েছে,বুধবার প্রধান পঞ্চায়েত কার্যালয়ে এসেছিলেন। বিষয়টি জানার পরেই এলাকার মানুষ পঞ্চায়েতে জড়ো হয়। প্রধানকে ঘিরে চলে বিক্ষোভ। রীতিমতো চোর স্লোগান দেওয়া হয়। তারপরে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে আদ্রা থানার পুলিশ পঞ্চায়েতে পৌঁছায়। বিক্ষুব্ধ জনতার হাত থেকে প্রধানকে রক্ষা করে কার্যালয় থেকে বের করে আনার মুহূর্তে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষিপ্ত জনতা প্রধানকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ব্যাপক মারধর করে। চড়, ঘুষি, লাথি মারা হয়। রীতিমতো মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। জামা, প্যান্ট পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। কোন রকমে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা, তোলাবাজি, এলাকায় মানুষের মধ্যে ভয় ভীতি প্রদর্শন সহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। আজ তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে।