খেজুর গাছের সংখ্যা তলানিতে, আর ডেরা বাধেন না শিউলিরা
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: একটা সময় কার্যত প্রতিটি গ্রামেই শিউলিরা ডেরা বাধতেন। শীতভর খেজুর গাছের রস সংগ্রহের পর নলেন গুড় তৈরি করতেন। তিনমাস ধরে ভালো রোজগার করে বাড়ি ফিরতেন। তবে কান্দি মহকুমা এলাকায় আর সেই সুদিন আর নেই। সাম্প্রতিক বছরগুলিতে শিউলিদের দেখা মেলায় ভার হয়ে দাঁড়িয়েছে বলে দাবি। এলাকায় খেজুর গাছের সংখ্যা তলানিতে এসে যাওয়ায় এমন পরিস্থিতি বলে স্থানীয়দের দাবি।

Advertisement

অথচ দুই দশক আগেও কান্দি মহকুমা এলাকায় এমন পরিস্থিতি ছিল না। গ্রামগঞ্জে প্রচুর খেজুরের বাগান দেখা যেত। খেজুর গাছের বাগানের পরিমান এতটাই ছিল যে শিউলিরা সমস্ত গ্রামে গিয়ে খেজুরের রস সংগ্রহ করতে পারতেন না। কার্যত প্রতিটি গ্রামে একাধিক বাগানে শিউলিদের ডেরা দেখা যেত।
কিন্তু সাম্প্রতিক সময়ে খেজুর গাছের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে বলে অভিযোগ। গ্রামের দিকেও বেশি অর্ধেক খেজুর গাছ কাটা গিয়েছে। নতুন করে গাছ লাগানোর প্রবনতাও দেখা যায় না। খড়গ্রাম ব্লকের কলগ্রামের যুবক পরিতোষ মণ্ডল বলেন, বাবার কাছে শুনেছি আমাদের পুকুরপাড় থেকে মাঠের জমির আল পর্যন্ত সারি দিয়ে খেজুর গাছ ছিল। ছোটবেলায় গাছ থেকে খেজুর পেড়ে খেলাও করতাম।  কিন্তু ২০০০ সালের বন্যার পর খেজুর গাছের সংখ্যা কমতে শুরু করে। এখন মেরেকেটে গ্রামে গোটা ২০ গাছ আছে।
প্রায় একই অবস্থা মহকুমার অন্যান্য এলাকাতেও খড়গ্রামের খাসপুরের বাসিন্দা বাবলু শেখ বলেন, দুইদশক আগে গ্রামের তিন জায়গায় শিউলিরা ডেরা বাঁধতেন। প্রায় তিনমাস ধরে ওরা ছোট কুটির করে খেজুরের গুড় তৈরি করতেন। সাইকেলে করে রামপুরহাটে গিয়ে গুড় বিক্রি করতেন। তবে এখন খেজুর গাছও নেই, আর শিউলিরাও আসেন না। এদিকে সংখ্যায় কম হলেও গত কয়েকবছর ধরে উত্তর ২৪ পরগণা, নদীয়া, হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে শিউলিরা এই এলাকায় আসছেন। তাঁরা খেজুর রস সংগ্রহ করে নলেন গুড় তৈরির ব্যবসা করে চলেছেন। তবে এবছরও সংখ্যাটা অতি কম বলে দাবি। শিউলি আশিষ হালদার পূর্ব বর্ধমানের পাটুলি থেকে এসেছেন। তিনি কান্দি ব্লকের আনুখা গ্রামে ডেরা বেধেছেন। বললেন, এখানে যেভাবে গাছের সংখ্যা কমে গিয়েছে। তাতে রস সংগ্রহ করা খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই এলাকায় অনেক শিউলি আসা ছেড়ে দিয়েছেন।  আগামী কয়েকবছর পর হয়ত আমাদেরও অন্য এলাকা বাছতে 
হবে।  কান্দির রষোড়া গ্রামের খেজুর গাছ।-নিজস্ব চিত্র