Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডব্লুটিসি’র পরের তিন ফাইনালও ইংল্যান্ডে

প্রথম তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ইংল্যান্ডে।

ডব্লুটিসি’র পরের তিন ফাইনালও ইংল্যান্ডে
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিঙ্গাপুর: প্রথম তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেখানে ফের ডব্লুটিসি ফাইনাল আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিল। কিন্তু তা গ্রাহ্য হল না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল রবিবার জানিয়ে দিল যে, পরের তিনটি ডব্লুটিসি ফাইনালও হবে বিলেতেই। অর্থাৎ, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডের মাটিতে। উল্লেখ্য, ২০২১ সালে প্রথম ডব্লুটিসি ফাইনালে হয়েছিল সাউদাম্পটনে। বিরাট কোহলির ভারত মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। দু’বছর পর দ্য ওভালে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া নেমেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু সেই ফাইনালেও ভারত জিততে পারেনি। আর লর্ডসে সাম্প্রতিক ফাইনালে বাজিমাত করে দক্ষিণ আফ্রিকা। তারা হারায় গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। এক বিবৃতিতে এদিন আইসিসি জানিয়েছে, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী তিনটি ফাইনাল হবে ইংল্যান্ডেই।’ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসিবি বলেছে, ‘আমাদের দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এটা বড় স্বীকৃতি।’ আসলে ডব্লুটিসি’র সূচি এমনভাবেই সাজানো যে, জুনে হয় ফাইনাল। সেই সময় ইংল্যান্ড ছাড়া বৃষ্টির কারণে অন্যত্র ফাইনাল হওয়া মুশকিল। ভারতে তখন বর্ষা নেমে যায়। আর অস্ট্রেলিয়ায় ক্রিকেটের মরশুম অক্টোবরে শুরু হয়ে চলে মার্চ পর্যন্ত। আইসিসি এটাও ভেবে দেখেছে যে, ভারতে টেস্ট ক্রিকেট তেমন জনপ্রিয় নয়। তাই ফাইনালে ভারত যদি না ওঠে, অন্য দুই দেশের মোকাবিলা দেখতে দর্শকদের আগ্রহ তেমন থাকার কথা নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ