Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর পরই চালু নয়া পুরভবন জোরকদমে চলছে শেষ পর্যায়ের কাজ

দুর্গাপুজোর পর ডানকুনি পুরসভার নতুন তিনতলা ভবন চালুর ইঙ্গিত পাওয়া গিয়েছে।

পুজোর পরই চালু নয়া পুরভবন জোরকদমে চলছে শেষ পর্যায়ের কাজ
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দুর্গাপুজোর পর ডানকুনি পুরসভার নতুন তিনতলা ভবন চালুর ইঙ্গিত পাওয়া গিয়েছে। পুরকর্তাদের দাবি, এর ফলে নাগরিক ও পুরকর্মীদের দীর্ঘদিনের সমস্যা মিটে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ভবন তৈরির কাজ ইতিমধ্যেই প্রায় শেষের মুখে। বৃষ্টি কমলে শুরু হবে রং করার কাজ। সেই সঙ্গে নতুন বাড়ি আধুনিক মানের করে তুলতে বিদ্যুৎ সংযোগের নয়া ব্যবস্থা হবে। তারপর সেখানে উঠে যাবে পুরসভার সমস্ত দপ্তর। বিষয়টি পুরকর্মীদের জানিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যাতে পুরসভা নতুন ভবনে স্থানান্তরের কাজে সময় না লাগে। ডানকুনি হাউজিং মোড়ের কাছে নয়া তিনতলা ভবনটি সকলের নজর কাড়তে শুরু করেছে।

Advertisement

ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা বলেন, ‘কাজ দ্রুতগতিতে হচ্ছে। পুজো মরশুমের পর নতুন ভবন থেকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করতে চাইছি। বহু বছরের নাগরিক সমস্যা, পুরকর্মীদের সমস্যা এবার মিটে যাবে। পরিকাঠামোর অভাবের কারণে আধুনিক অনেক ব্যবস্থা পুরনো পুরভবনে চালু করা যায়নি।’ পুরসভা সূত্রে জানা গিয়েছে, নতুন পুরভবনকে সাততলা করার অনুমোদন নেওয়া হয়েছে। যাতে পরিষেবার বহর বাড়লেও কাজের জন্য ঘরের অভাব না হয়। আধুনিক সুযোগ সুবিধা নতুন পুরভবনে থাকবে। সেখানে বিভিন্ন পরিষেবার জন্য পৃথক, বড় আকারের ঘর, মিটিং হল, আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা রাখা হবে। তবে আপাতত পুরভবন হচ্ছে তিনতলা পর্যন্ত। নয়া বাড়িতে পুরসভার সমস্ত দপ্তর স্থানান্তর করার পর প্রয়োজনে হবে পরিকাঠামো বৃদ্ধি। রাজ্য সরকারের তরফে প্রথম দফার কাজে দেড় কোটি টাকা বরাদ্দ করা হবে। আরও এক দফার টাকা দ্রুত পুরসভাকে দেওয়া হবে বলেও পুরকর্তারা জানিয়েছেন। 
হুগলি জেলার একাধিক শতাব্দী প্রাচীন পুরসভার মধ্যে সবথেকে নবীন পুরসভা হল ডানকুনি। নাগরিক বৈচিত্র ও দ্রুত বসতি উন্নয়নের নিরিখে তৈরি করা হয়েছিল এই পুরসভা। কলকাতা লাগোয়া পুরসভাটি বাম আমলে চালু হলেও পরিকাঠামো গড়া হয়নি। একটি ছোট বাড়িতে পুরভবন তৈরি হয়েছিল। জরাজীর্ণ সেই বাড়িতে বসে পুরকর্মীরা কাজ করতে পারতেন না। ফলে নাগরিকদের ক্ষোভ ছিল চরমে। অভিযোগ, আধুনিক পরিষেবা পরিকাঠামো চালু তো দূর অস্ত জরাজীর্ণ ভবনের কারণে পুরসভার নথি সংরক্ষণ পর্যন্ত ব্যাহত হতো। সম্প্রতি রাজ্য সরকার সেই নতুন পুরভবন তৈরির অনুমোদন দেয়। এবং নতুন ভবনে পুরসভার অফিস স্থানান্তরের তৎপরতা শুরু 
হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ