নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাগপুর। এই শহরের নাম শুনলে মানুষের মনে পড়ে ‘নাগপুর অরেঞ্জ’ বা কমলালেবুর কথা। আর রাজনীতি সচেতন মানুষের মনে পড়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ’ (আরএসএস)! কারণ, এখানেই সংঘ পরিবারের সদর দপ্তর। বিজেপির বিরোধীরা প্রায়শই বলে থাকে, ‘দেশ চলছে নাগপুরের কথায়’। তবে এবার বামপন্থী ছাত্র সংগঠনের আগামীর কর্মসূচিও স্থির করে দেবে এই নাগপুরই! আরএসএস প্রধান মোহন ভাগবতের ‘গড়’ নাগপুরেই অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর ১১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমানে দেশের অন্যতম চর্চিত বাম নেত্রী নেহা বোরা এই ছাত্র সংগঠন করেন। আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে সম্মেলন।
বাংলা থেকে প্রায় ২০ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন আইসার গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর অন্তর সম্মেলন হয়। তবে মাঝে কোভিডের জন্য নিয়ম বদলাতে হয়েছিল। ২০২৩ সালে আইসার শেষ জাতীয় সম্মেলন হয়েছিল কলকাতাতেই। সেই সম্মেলন থেকে নেহা সংগঠনের সহসভাপতি হয়েছিলেন। পরবর্তীতে তাঁকে অন্তর্বর্তীকালীন সভাপতি করা হয়। বামপন্থী সংগঠনে সম্মেলনের মাধ্যমেই আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক লাইন স্থির হয়। সিপিআই(এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন আইসার পরবর্তী জাতীয় সভাপতি কি নেহাই থাকবেন? নাকি পার্টি তাঁকে অন্য কাজ দেবে? এই প্রশ্ন থাকছে। যদিও সংগঠনের অভ্যন্তরে গুঞ্জন, এই মুহূর্তে ছাত্রনেতা হিসাবে নেহার যা জনপ্রিয়তা, তাতে ওই পদে তাঁরই থাকার সম্ভাবনা বেশি।
কিন্তু নাগপুর কেন? সূত্রের খবর, গত বছর লাল নিশান (লেনিনবাদী) নামের একটি বাম দল লিবারেশনের সঙ্গে মিশে গিয়েছে। এই দলের সদর দপ্তর নাগপুরে। তাদের দপ্তরই এখন লিবারেশনের দপ্তর। তার পাশে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে নেহাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। তবে কোন প্রেক্ষাগৃহে, তা এখনও সংগঠনের তরফে প্রকাশ্যে আনা হয়নি।



