শুভঙ্কর বসু, কলকাতা: প্রথম ধাপ, এসআইআর। দ্বিতীয় ধাপ, বাদ যাওয়া লক্ষ লক্ষ নাম। তৃতীয় ধাপ, ট্রাইবুনাল। চতুর্থ ধাপ, এসএসআর বা ভোটার তালিকার স্পেশাল রিভিশন ঘোষণা এবং তারপর সেটাও স্থগিত। একের পর এক এই বিতর্কের জটে আজ, সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ তো হচ্ছেই না। এমনকি, জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশই বিশবাঁও জলে চলে গিয়েছে। তবে জানুয়ারির ১৬ তারিখ সেই তালিকা প্রকাশ না হলেও তারপর কোনো একটি দিন যে হবে, তা নিশ্চিত। সেইসঙ্গে নিশ্চিত আরও একটি বিষয়—ট্রাইবুনালে আবেদনকারী রাজ্যের ১৬ লক্ষ ভোটারের নাম ওই তালিকায় থাকছে না। বিচারপতিরা যে সব আবেদন নিষ্পত্তির পর সংযুক্ত করার পক্ষে রায় দেবেন, শুধুমাত্র সেই নামই অন্তর্ভুক্ত হবে চূড়ান্ত তালিকায়। এটা অবশ্য সরকারি যুক্তি। এরপরও একটি প্রশ্ন থাকছে—এমন কত নাম বিচারক-বিচারপতিরা ছাড় দেওয়ার পরও তালিকায় উঠবে? উত্তর নেই। কারণ সূত্রের খবর, নির্বাচন কমিশনের ওয়েবসাইট অর্থাৎ ‘ইসিআই নেট’-এর গেরোয় ট্রাইবুনালের দায়িত্বে থাকা বিচারপতিরা চূড়ান্ত নির্দেশনামা এখনও আপলোডই করতে পারছেন না। তা করতে গেলে বিচারপতিদের প্যান ও সরকারি পরিচয়পত্রের নথি দেখিয়ে পোর্টালে লগ ইন করতে হচ্ছে। কিন্তু তা করতে নারাজ দায়িত্বে থাকা সিংহভাগ বিচারপতিই। তবে এই ‘লগ ইন’ গেরো শুরুর আগে ট্রাইবুনালে আবেদনকারী হাজার খানেক নামের নিষ্পত্তি হয়ে গিয়েছিল। ওই কয়েকটিই খসড়া তালিকায় স্থান পাবে বলে জানা গিয়েছে। অর্থাৎ, ওই সামান্য কয়েকজন আবেদনকারীকে বাদ দিলে প্রায় ১৬ লক্ষের নামই চূড়ান্ত ভোটার তালিকায় না থাকার সম্ভাবনাই প্রবল।
যদিও বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই অবস্থায় হস্তক্ষেপ করতে পারে কলকাতা হাইকোর্ট। তারাই ঠিক করতে পারবে, ট্রাইবুনাল থেকে কাদের নাম ফের নতুন করে ভোটার তালিকায় তোলা হবে। হাইকোর্ট যদি সবদিক বিচার-বিবেচনা করে আগামী এক মাসের মধ্যে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, তাতেও ১৬ লক্ষ বাদ পড়া ভোটারের নাম কোনোভাবেই চূড়ান্ত তালিকায় আনা সম্ভব হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। যাঁরা এসআইআর তালিকা থেকে বাদ যাওয়ার পরও ট্রাইবুনালে আবেদন করেননি, তাঁরা ফর্ম-৬ পূরণ করে নতুন ভোটার হিসাবে নিজেদের সংযুক্ত করতে পারবেন। ইতিমধ্যে অনেকে তা করেওছেন। কিন্তু ট্রাইবুনালে যাঁরা একবার আবেদন করে ফেলেছেন, তাঁদের ভবিষ্যৎ পড়ে রয়েছে বিশবাঁও জলেই। এর থেকে মুক্তির উপায় আপাতত কমিশন খুঁজছে না। তাঁরা আসন্ন পুরভোটও দিতে পারবেন না। অতএব, ভরসা সেই হাইকোর্ট।



