চাঁদের বাড়ি
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্বরূপ কুলভী: চাঁদে মানুষ পা রেখেছে অনেক আগেই। আর কয়েক বছরের মধ্যেই পৃথিবীর একমাত্র উপগ্রহে ফের মানুষ পাঠাতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুধু তাই নয়, ভবিষ্যতে চাঁদে স্থায়ী বসতি গড়ার পরিকল্পনাও রয়েছে বিজ্ঞানীদের। এর নানা কারণ রয়েছে। যেমন— মঙ্গলের মতো আরও দূরে পাড়ি দেওয়ার জন্য চাঁদকে একটা স্টেশন হিসাবে ব্যবহার করা সম্ভব বলে ধারণা তাঁদের। চাঁদ থেকে দুর্লভ সম্পদ সংগ্রহও সহজ হবে। সেইসঙ্গে মহাকাশ পর্যবেক্ষণেরও সুবিধা হবে। চাঁদে তো জল বা অক্সিজেন নেই। তাহলে স্থায়ী বসতি গড়া হলেও সেখানে মানুষ থাকবে কীভাবে? চাঁদের দক্ষিণ মেরুতে প্রচুর বরফ থাকতে পারে। সেই বরফ গলিয়ে পরিশোধনের মাধ্যমে পানীয় জল তৈরি করা যাবে বলে মনে করেন বিজ্ঞানীরা। আর ওই  জল থেকেই অক্সিজেন তৈরির পরিকল্পনা রয়েছে। কিন্তু সমস্যা তো আরও রয়েছে। চাঁদের পরিবেশ মনুষ্য বসবাসের পক্ষে একেবারেই অনুকূল নয়। পৃথিবীর মতো চাঁদের কোনো চৌম্বকক্ষেত্র বা ওজোন স্তর নেই। তাই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এবং মহাজাগতিক তেজস্ক্রিয় বিকিরণ সরাসরি চাঁদে পৌঁছে যায়। বায়ুমণ্ডল না থাকায় মহাকাশ থেকে আসা ছোটো বড়ো উল্কাপিণ্ড পুড়ে ছাই না হয়ে সরাসরি চন্দ্রপৃষ্ঠে আঘাত হানে। শুধু তাই নয়, বায়ুমণ্ডল না থাকায় চাঁদ তাপ ধরে রাখতে পারে না। দিনে সূর্যের আলোয় চাঁদের তাপমাত্রা প্রায় ১২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আর রাতে তা হিমাঙ্কের ১৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে আসে। তাই সেখানে বসবাসের জন্য প্রয়োজন সুরক্ষিত বাসস্থান। সেই বাসস্থান কীভাবে তৈরি হবে, তা কোথায় বা গড়ে তোলা যাবে— তা নিয়ে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালাচ্ছেন। পৃথিবী থেকে ইট-সিমেন্টের মতো জিনিসপত্র নিয়ে গিয়ে ঘরবাড়ি তৈরি করার খরচও প্রচুর। তাই এসব জিনিসপত্র সেখানে পৃথিবী থেকে পাঠানো সম্ভব নয়। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে সবকিছু বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। এর বদলে চাঁদে প্রাপ্ত উপকরণ দিয়েই তৈরি করতে হবে বসতি। এবার চাঁদে বাড়ি তৈরির উপকরণ নিয়ে একটি তাৎপর্যপূর্ণ গবেষণা সংক্রান্ত রিপোর্ট সামনে এসেছে। বিজ্ঞানীরা লেজার ব্যবহার করে চাঁদের কৃত্রিম মাটি বা লুনার সয়েল সিমুল্যান্ট থেকে বিশেষ ইট তৈরি করতে পেরেছেন। অনেকটা প্লাস্টিকের তৈরি খেলনা ব্লক বা ছোটো ছোটো ইট। এগুলিকে একটির সঙ্গে আরেকটি জুড়ে বাড়ি, গাড়ি, হেলিকপ্টার ইত্যাদি খেয়ালখুশি মতো দারুণ সব জিনিস তৈরি করা যায়। এজন্য কোনো আঠা বা অন্য কোনো সংযোজক লাগে না। যেহেতু জোড়ার জিনিস লাগে না, তাই সেগুলি খুলে আবার নতুন করে অন্য কিছু বানানো যায়। এমনই ধাঁচের অনেকটা বড়ো ব঩ড়ো আকারের ইট চাঁদের কৃত্রিম মাটি দিয়ে তৈরি করেছেন ইউনিভার্সিটি অব আরকানসাসের গবেষকরা। আগেও এমন পদ্ধতি নিয়ে গবেষণা হয়েছে। কিন্তু নতুন এই গবেষণায় রয়েছে অভিনবত্ব। 

Advertisement

সাম্প্রতিক এই গবেষণা রিপোর্ট একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আরকানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক কোলে ম্যাককালাম ও অধ্যাপক ওয়াই শউ এই গবেষণার দায়িত্বে ছিলেন। চন্দ্রপৃষ্ঠে থাকা আলগা ধূলিকণা ও পাথরের গুঁড়োকে কাজে লাগিয়ে এধরনের ইট তৈরির দিশা দেখিয়েছেন তাঁরা। কোটি কোটি বছর ধরে চাঁদের বুকে গ্রহাণু , উল্কাখণ্ড ও মহাজাগতিক বস্তুর আঘাতে এই ধূলিকণা তৈরি হয়েছে। পৃথিবীর মতো চাঁদের এই ধূলিকণায় কোনো জৈব পদার্থ নেই। গত শতাব্দীর ছয় ও সাতের দশকের শুরুতে নাসার অ্যাপোলো মিশনে নিয়ে আসা চাঁদের মাটির অনুকরণে তৈরি কৃত্রিম ধূলিকণা দিয়ে গবেষকরা এই পরীক্ষা করেছেন। এক্ষেত্রে তাঁরা লেজার পাউডার বেড ফিউশন নামে এক থ্রি ডি প্রিন্টিং পদ্ধতি ব্যবহার করেছেন। এতে লেজার রশ্মির তাপে ধূলিকণাগুলি গলে গিয়ে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাই এতে জোড়ার জন্য অন্য কিছু লাগে না। আগেও বিজ্ঞানীরা চাঁদের ধূলিকণার সঙ্গে বিশেষ সংযোজক পদার্থ বা আঠার মতো জিনিস ব্যবহার করে এমন ব্লক তৈরিতে সফল হয়েছেন। কিন্তু তাতে ওই সংযোজক পদার্থ চাঁদে নিয়ে যাওয়া দরকার নভশ্চরদের। কিন্তু নতুন গবেষণায় যে ব্লক তৈরি হয়েছে, তাতে আর পৃথিবী থেকে ওই উপাদান নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। ফলে এই উদ্ভাবন বেশ অভিনব ও তাৎপর্যপূর্ণ। 
তবে চাঁদের বুকে নির্মাণকাজ চালানোর জন্য এধরনের ব্লক যথেষ্ট শক্তপোক্ত কি না, সেবিষয় নিয়ে এখনও পরীক্ষা করা দরকার। চাঁদের পরিবেশে এই প্রযুক্তি কতটা কার্যকর তাও খতিয়ে দেখতে হবে। প্রাথমিকভাবে এসব ব্যপারে সীমাবদ্ধতা থাকলেও চাঁদে স্থায়ী বসতি গড়ার ক্ষেত্রে এই গবেষণা বেশ উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।