পৃথিবী প্রদক্ষিণে বেরিয়ে নিখোঁজ হয়ে যান মহিলা বিমান চালক অ্যামেলিয়া এয়ারহার্ট। প্রশান্ত মহাসাগরের বুকে হারিয়ে যায় এই মার্কিন বিমান। অনেক তল্লাশি চালিয়েও মেলেনি এর কোনো ধ্বংসাবশেষ। শতাব্দী প্রাচীন এই নিখোঁজ-রহস্য নিয়ে লিখেছেন মৃণালকান্তি দাস।
শেষবার তাঁকে দেখা গিয়েছিল আকাশের পথে। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় এক শতাব্দী। পৃথিবীর মানচিত্র বদলেছে, বদলেছে প্রযুক্তি, মহাকাশে পাড়ি দিয়েছেন মানুষ। তবু মেলেনি সেই নারীর নিশ্চিত সন্ধান। যিনি একদিন গোটা পৃথিবীকে চমকে দিয়ে উড়ে গিয়েছিলেন দিগন্তের ওপারে। তাঁর নাম অ্যামেলিয়া এয়ারহার্ট। আর তাঁর অন্তর্ধান আজও ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর রহস্য।
১৯৩৭ সালের ২ জুলাই। প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ নীল জলরাশির কোথাও একটা ছোট্ট বিমান পথ হারিয়ে ফেলেছে। বিমানের ককপিটে বসে রয়েছেন এক নারী। তাঁর সঙ্গে রয়েছেন নাবিক ও নেভিগেটর ফ্রেড নুনান। তাঁদের লক্ষ্য হাওল্যান্ড দ্বীপ। প্রশান্ত মহাসাগরের বুকে বিন্দুর মতো ছোট্ট এক ভূখণ্ড। বিশ্ব প্রদক্ষিণের দুঃসাহসী অভিযানে সেটিই ছিল পরবর্তী গুরুত্বপূর্ণ গন্তব্য।
কিন্তু সমুদ্রের অতল নীলের মধ্যে সেই ছোট্ট দ্বীপটিকে খুঁজে পাওয়া সহজ ছিল না। জ্বালানি ক্রমশ ফুরিয়ে আসছিল। রেডিয়োতে ভেসে আসছিল উদ্বিগ্ন কণ্ঠস্বর। মাটিতে অপেক্ষা করছিল মার্কিন কোস্ট গার্ডের জাহাজ ইটাস্কা। অথচ বিমানটির অবস্থান সম্পর্কে তখনও নিশ্চিত হতে পারছিলেন না কেউ। তারপর এল সেই বার্তা, যা ইতিহাসের পাতায় চিরকালের জন্য রহস্যের দরজা খুলে দিল।
অ্যামেলিয়ার কণ্ঠে ধরা পড়েছিল উদ্বেগ। তাঁরা হাওল্যান্ড দ্বীপের কাছাকাছি রয়েছেন বলে মনে করছিলেন, কিন্তু দ্বীপটি দেখতে পাচ্ছিলেন না। শেষ দিকের রেডিয়ো বার্তায় শোনা যায়, বিমানটি তাঁদের নির্ধারিত অবস্থান রেখা বরাবর উড়ছে এবং জ্বালানি ফুরিয়ে আসছে। এরপর? শুধুই নীরবতা। না, কোনো নিশ্চিত বিপদসংকেত, না কোনো উদ্ধারবার্তা, না সমুদ্রের বুক থেকে ফিরে আসা কোনো নির্ভরযোগ্য খবর। যেন বিশাল প্রশান্ত মহাসাগর মুহূর্তের মধ্যে গিলে নিল বিমানটিকে এবং তার দুই আরোহীকে ও তাঁদের অভিযানের সমস্ত চিহ্ন। সেই থেকে শুরু হল এক অন্তহীন অনুসন্ধান।
অ্যামেলিয়া এয়ারহার্টের অন্তর্ধানকে বুঝতে গেলে ফিরে তাকাতে হয় তাঁর জীবনের দিকে। ১৮৯৭ সালে জন্ম নেওয়া এই মার্কিন বিমানচালক এমন এক সময়ে আকাশে পাখা মেলেছিলেন, যখন বিমান চালানোকে প্রধানত পুরুষদের কাজ বলে মনে করা হত। প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেই তিনি হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক অভিযাত্রী।
১৯৩২ সালে নিজেই বিমান চালিয়ে আটলান্টিক মহাসাগর পেরিয়ে একক অভিযানে ইতিহাস গড়েন। তাঁর কাছে বিমান চালানো শুধু রোমাঞ্চ ছিল না, ছিল নিজের সামর্থ্য প্রমাণের এক উপায়। ১৯৩৭ সালে তাঁর লক্ষ্য ছিল আরও বড়ো— বিমান চালিয়ে পৃথিবী প্রদক্ষিণ। সঙ্গে নেভিগেটর ফ্রেড নুনান। ২ জুন ২০২৫-এ দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে-এ প্রকাশিত হয় লরি গেন শাপিরোর লেখা ‘Amelia Earhart’s Reckless Final Flights’। সেই সূত্রে জানা যায়, অ্যামেলিয়ার বিমান লকহিড ইলেকট্রা আকাশপথে চক্কর দিতে দিতে থর মরুভূমি পেরিয়ে পৌঁছে গিয়েছিল কলকাতার বৃষ্টিভেজা রানওয়েতে। ১৯৩৭ সালের জুনে। বর্ষার মেঘে তখন ঢেকে রয়েছে আকাশ। আকাশজয়ের নেশায় মত্ত অ্যামেলিয়ার সাহস ও দুঃসাহসিক অভিযানের গল্প তত দিনে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।
দূরদূরান্ত পেরিয়ে আসা এক বিমানের শরীরে জমে আছে দীর্ঘ যাত্রার ক্লান্তি। তার উপর অভিজ্ঞ নেভিগেটর ফ্রেড নুনানকে ঘিরেও রয়েছে দুশ্চিন্তা।
১৯৩৭ সালের ১৭ জুন করাচি থেকে উড়ে কলকাতায় পৌঁছেছিলেন অ্যামেলিয়া ও নুনান। পরদিন, ১৮ জুন, তাঁদের আবার আকাশে ওঠার কথা। বর্ষার আবহাওয়া তখন যাত্রাকে আরও কঠিন করে তুলেছিল। ভেজা রানওয়ে থেকে বিমান ওঠানো ছিল বিপজ্জনক। সামনের গাছের সারি পেরিয়ে নিরাপদে আকাশে উঠতে পারাটাও ছিল বড়ো পরীক্ষা। অ্যামেলিয়ার নিজের বর্ণনায়, বিমানটি ভারী, স্যাঁতসেঁতে মাটির উপর দিয়ে বেশ কিছুক্ষণ ছুটে অবশেষে মাটি ছেড়েছিল— গাছের মাথা থেকে সামান্য ব্যবধান রেখে।
১৮ জুন কলকাতার দমদম বিমানবন্দর থেকে অ্যামেলিয়া ও নুনান রওনা হন তৎকালীন বার্মার আকিয়াবের উদ্দেশে। জায়গাটি বর্তমান মায়ানমারের সিত্তে। সেখান থেকে তাঁদের লক্ষ্য ছিল রেঙ্গুন। তারপর ব্যাংকক ও সিঙ্গাপুর। কিন্তু বর্ষার প্রকৃতি তাঁদের পরিকল্পনাকে বারবার বাধা দিচ্ছিল। আকিয়াব থেকে রেঙ্গুনের দিকে এগতে গিয়ে প্রবল বৃষ্টি ও প্রতিকূল বাতাসের মুখে পড়ে তাঁদের ফিরে আসতে হয়েছিল আকিয়াবেই। আকাশের পথ যে শুধু মানচিত্রের রেখা ধরে এগয় না, তা সেই যাত্রায় বারবার স্পষ্ট হয়েছিল। তবু তাঁরা থামেননি। তাঁদের যাত্রা এগিয়ে চলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে। রেঙ্গুন, ব্যাংকক, সিঙ্গাপুর— একটির পর একটি গন্তব্য পেরিয়ে তাঁরা পৌঁছান ডাচ ইস্ট ইন্ডিজে। অর্থাৎ আজকের ইন্দোনেশিয়ায়। এই পথের প্রতিটি ধাপে আবহাওয়া, যন্ত্রপাতি ও শারীরিক ক্লান্তির সঙ্গে লড়তে হচ্ছিল তাঁদের।
যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে অ্যামেলিয়ার শরীরও ভালো ছিল না। তবু অভিযান এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ ছিল প্রবল। পৃথিবী প্রদক্ষিণের স্বপ্ন তখন প্রায় শেষ পর্যায়ের দিকে— কিন্তু সবচেয়ে কঠিন অংশটি এখনও বাকি। জুনের শেষ দিকে তাঁরা অস্ট্রেলিয়া পেরিয়ে নিউ গিনির লায়েতে পৌঁছান। সেখান থেকে তাঁদের পরবর্তী গন্তব্য ছিল প্রশান্ত মহাসাগরের ছোট্ট হাওল্যান্ড দ্বীপ। আর সামনে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে দীর্ঘ উড়ান।
২ জুলাই, ১৯৩৭। স্থানীয় সময় সকাল ১০টার সময় লায়ে থেকে উড়ল তাঁদের বিমান। প্রায় ২ হাজার ৫৫৬ মাইলের সমুদ্রযাত্রা। চারদিকে জল, মাথার ওপর আকাশ। মাঝখানে পথ চিনিয়ে দেওয়ার মতো দৃশ্যমান স্থলচিহ্ন প্রায় নেই বললেই চলে। হাওল্যান্ড দ্বীপের কাছে অপেক্ষা করছিল মার্কিন কোস্ট গার্ডের জাহাজ ইটাস্কা। জাহাজের কর্মীরা রেডিয়োর মাধ্যমে এয়ারহার্টের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাঁকে পথ দেখাতে চেয়েছিলেন। কিন্তু যোগাযোগের পরিকল্পনায় অসংগতি ছিল। এয়ারহার্টের বার্তা পাওয়া যাচ্ছিল, কিন্তু সেই বার্তার মাধ্যমে বিমানটির সঠিক অবস্থান নিশ্চিত করা যাচ্ছিল না। জাহাজের কর্মীরা তাঁর কণ্ঠ শুনছিলেন। অথচ তাঁকে নিরাপদে দ্বীপে পৌঁছে দেওয়ার মতো নির্ভরযোগ্য যোগাযোগ গড়ে উঠছিল না। শেষের দিকের বার্তায় জ্বালানি নিয়ে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছিল। বিমানটি উত্তর-দক্ষিণ বরাবর অনুসন্ধান চালাচ্ছিল। অর্থাৎ, তাঁরা খুঁজছিলেন সেই ছোট্ট দ্বীপটিকে, যার উপর নির্ভর করছিল তাঁদের পরবর্তী যাত্রা। কিন্তু প্রশান্ত মহাসাগর কোনো পথের নির্দেশ দেয় না। একবার অবস্থান নির্ণয়ে ভুল হলে, দিগন্তের প্রতিটি দিকই হয়ে উঠতে পারে বিভ্রান্তিকর। আর তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ঘড়ির কাঁটায় সময় তখন সন্ধ্যা ৬টা।
খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক অনুসন্ধান। মার্কিন নৌবাহিনী ও কোস্ট গার্ড সমুদ্র এবং আকাশপথে তল্লাশি চালায়। জাহাজ, বিমান, অসংখ্য অনুসন্ধানকারী— কিছুই বাদ রাখা হয়নি। কয়েক হাজার বর্গমাইল জুড়ে খোঁজ চললেও পাওয়া গেল না এমন কোনো নির্ভরযোগ্য চিহ্ন, যা নিশ্চিতভাবে বলে দিতে পারে, কোথায় শেষ হয়েছিল এয়ারহার্টের যাত্রা।
বিমানটির ধ্বংসাবশেষ? নেই। নিশ্চিতভাবে শনাক্ত করা যায় এমন কোনো উদ্ধার হওয়া অংশ? নেই। দুই অভিযাত্রীর পরিণতি সম্পর্কে অকাট্য প্রমাণ? তাও নেই। ১৯৩৯ সালে এয়ারহার্টকে আইনত মৃত ঘোষণা করা হয়। কিন্তু সরকারি ঘোষণায় একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও রহস্যের সমাপ্তি ঘটেনি। বরং যত সময় গিয়েছে, ততই তাঁর নিখোঁজ হওয়ার ঘটনা জন্ম দিয়েছে নতুন প্রশ্ন, নতুন অনুমান এবং নতুন অনুসন্ধানের।
এয়ারহার্টের অন্তর্ধান নিয়ে বহু তত্ত্ব রয়েছে। তার সব ক’টিই অবশ্য সমানভাবে বিশ্বাসযোগ্য নয়।
প্রথম তত্ত্ব: সমুদ্রের অতলে হারিয়ে যাওয়া। এটাই সবচেয়ে সরল এবং প্রচলিত ব্যাখ্যা। হাওল্যান্ড দ্বীপ খুঁজে না পেয়ে এয়ারহার্ট ও নুনান হয়তো নির্ধারিত পথ থেকে সরে গিয়েছিলেন। জ্বালানি শেষ হয়ে এলে বিমানটি প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে বা সমুদ্রে ডুবে যায়। সমুদ্রের গভীরতা ও বিস্তীর্ণ অনুসন্ধানক্ষেত্রের কারণে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এই ব্যাখ্যার পক্ষে রয়েছে তাঁদের শেষ রেডিয়ো বার্তা, জ্বালানি নিয়ে উদ্বেগ এবং পরবর্তী সময়ে কোনো নিশ্চিত সন্ধান না মেলার ঘটনা। তবে বিমানটির শেষ পরিণতি সরাসরি প্রমাণিত হয়নি।
দ্বিতীয় তত্ত্ব: নিকুমারোরো দ্বীপে শেষ আশ্রয়। প্রশান্ত মহাসাগরের আরেকটি প্রত্যন্ত দ্বীপ নিকুমারোরোকে ঘিরে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছে। এই তত্ত্ব অনুযায়ী, এয়ারহার্ট ও নুনান হয়তো হাওল্যান্ড দ্বীপে পৌঁছাতে না পেরে অন্য কোথাও জরুরি অবতরণ করেছিলেন। সেখানে কিছু সময় বেঁচে থাকার পর তাঁদের মৃত্যু হতে পারে। দ্বীপটিতে পাওয়া কিছু ঐতিহাসিক নিদর্শন ও সম্ভাব্য সূত্র এই ধারণাকে আলোচনায় রেখেছে। তবে সেগুলির সঙ্গে এয়ারহার্ট বা তাঁর বিমানের যোগসূত্র নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়নি।
২০২৬ সালের অক্টোবরে এই তত্ত্ব নতুন করে আলোচনায় এসেছে। আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পারডু বিশ্ববিদ্যালয়ের সহায়তায় একটি গবেষকদল নিকুমারোরোর উপহ্রদে স্যাটেলাইট ও পুরানো আকাশচিত্রে দেখা একটি অস্বাভাবিক বস্তুর অনুসন্ধানে গিয়েছে। বস্তুটি বিমানটির ধ্বংসাবশেষ কি না, তা এখনও নিশ্চিত নয়। কেউ একে সম্ভাব্য সূত্র মনে করছেন, আবার অনেকের মতে, সেটি প্রাকৃতিক কোনো বস্তু। এমনকি গাছও হতে পারে।
তৃতীয় তত্ত্ব: গুপ্তচরবৃত্তি ও বন্দি হওয়ার কাহিনি। এয়ারহার্ট নাকি কোনো গোপন সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন এবং জাপানিদের হাতে বন্দি হয়েছিলেন। অন্য কিছু গল্পে বলা হয়েছে, তিনি পরিচয় গোপন করে অন্য কোথাও জীবন কাটিয়েছিলেন। তবে, শুনতে রোমাঞ্চকর হলেও এই দাবিগুলির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। ইতিহাসবিদ ও গবেষকেরা তাই এগুলিকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে গ্রহণ করেন না। বাস্তব ঘটনার শূন্যস্থান থেকেই সম্ভবত এই ধরনের কাহিনির জন্ম হয়েছে।
প্রায় নব্বই বছর পরও অনুসন্ধান থেমে নেই। নতুন প্রযুক্তি, উন্নত সমুদ্রতল মানচিত্র, স্যাটেলাইট চিত্র এবং ডুবুরি অনুসন্ধানের সাহায্যে গবেষকরা এখনও খুঁজছেন সেই হারিয়ে যাওয়া বিমানের চিহ্ন।
অ্যামেলিয়া এয়ারহার্টের নিখোঁজ হওয়ার কাহিনি আমাদের আকর্ষণ করে শুধু তাঁর অন্তর্ধানের জন্য নয়, বরং তাঁর জীবনের জন্যও। তিনি এমন এক সময়ে নিজের জায়গা তৈরি করেছিলেন, যখন বহু মানুষ মনে করতেন, আকাশের দুঃসাহসী অভিযান নারীদের কাজ নয়। তিনি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছিলেন। তাঁর শেষ যাত্রা অসমাপ্ত থেকে গিয়েছে। কিন্তু তাঁর কৃতিত্ব অসমাপ্ত নয়। তিনি দেখিয়েছিলেন, সাহস মানে বিপদের অনুপস্থিতি নয়। বরং অনিশ্চয়তার মধ্যেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া।



