উনিশ শতক যেন বাঙালির কাছে দীর্ঘ নিদ্রার পর জাগরণের পালা। একই সময়ে এত মনীষীর উত্থান এর আগে বা পরে আর কখনো আমাদের ভাগ্যে ঘটেছে বলে মনে হয় না। আরও একবার আমরা ফিরে তাকাব আমাদের অতীতের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের দিকে।
রাজা ভট্টাচার্য: ‘আশু বিশ্বাসকে তো আর সহ্য করা যাচ্ছে না, অতুল!’ মৃদু গলায় বললেন যতীন, তারপর উদাসীন অথচ সতর্ক চোখে তাকিয়ে রইলেন বাইরের উঠোনের দিকে। পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির বিশাল উঠোনে এখন শরীরচর্চা করছে জনা কুড়ি ছেলে।
অতুলকৃষ্ণ ঘোষ মাত্র কয়েক বছর আগে কলকাতায় এসেছেন। বয়সেও তিনি যতীন্দ্রনাথের চাইতে প্রায় এগারো বছরের ছোটো। কিন্তু মানিকতলা বোমার মামলায় বিপ্লবীদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়ে যাওয়ার পর থেকে যতীন সব ব্যাপারেই অতুলকে সহযোগী করে নিয়েছেন। মাত্র উনিশ বছর বয়সেই তাঁর ক্ষুরধার মস্তিষ্ক আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখলে সমীহ হয়। আর সেই কারণেই যতীনের মতো মানুষও নির্দ্বিধায় তাঁর সঙ্গে গোপনতম কথাটিও বলতে পারেন। হ্যাঁ, সেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়— গোপনীয়তা যাঁর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ।
অতুল আড়চোখে একবার তাকালেন যতীনের দিকে। তারপর ও’রকমই মৃদু গলায় বললেন, ‘হুম। একেবারে আদাজল খেয়ে লেগেছে বিপ্লবীদের পিছনে।’
‘কে বলবে— সেও একজন ভারতবাসী!’ বললেন যতীন, ‘মাঝেসাঝে অবাক হয়ে ভাবি— পরাধীনতা কি এদের মনে এতটুকু লজ্জার জন্ম দেয় না? ক্ষুদিরাম বা প্রফুল্লকে দেখে কিচ্ছু শেখেনি এরা?’
মাত্র মাস চারেক আগে ফাঁসি হয়ে গেছে ক্ষুদিরাম বসুর। আত্মঘাতী হয়েছে প্রফুল্ল চাকী। গোটা দেশে যেন আগুন ধরে গেছে এই ঘটনায়। অথচ ঠিক উলটো পথে হাঁটছে এই লোকটা। আশুতোষ বিশ্বাস। সরকারি উকিল। বিপ্লবীদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো, জাল সাক্ষী জোগাড় করা, যেনতেন প্রকারে বিপ্লবীদের জেলে পোরা, নইলে ফাঁসিতে ঝোলানো— এ যেন আশু বিশ্বাসের জীবনের একমাত্র লক্ষ্য। বিশেষ করে আলিপুর বোমার মামলায় এই একজন মাত্র মানুষ বিপ্লবীদের যা ক্ষতি করেছে, তা যেন বিশ্বাস করা যায় না।
‘লোকটাকে সরানো বিশেষ দরকার হয়ে পড়েছে, বুঝলে অতুল!’ খুব স্বাভাবিক গলায় বললেন যতীন,‘নইলে ছলেবলে এ আমাদের ক্ষতি করেই চলবে।’
যতীন যে এমন অবিচলিত ভঙ্গিতে কাউকে মৃত্যুদণ্ড দিতে পারেন, তা ভাবতেও পারেনি অতুল। সামান্য শিউরে উঠল তার শরীর। বিদ্যুৎচমকের মতো মনে পড়ে গেল, টেবিলে কনুই রেখে বসে থাকা, ধুতি-চাদর পরা এই মানুষটিই শুধু ছোট্ট কুকরি সম্বল করে প্রকাণ্ড একটা রয়াল বেঙ্গল টাইগারকে শিকার করেছিলেন। অকারণে লোকে ‘বাঘা যতীন’ শব্দটা তৈরি করেনি।
‘কাউকে একটু কেদার বসু লেনে পাঠাতে পারবে ভাই? একের এক নম্বর বাড়ি।’ নড়েচড়ে বসলেন যতীন, যেন এতক্ষণ তাঁর অবিচল দেহের ভিতরে কোনো ভয়ানক দ্বন্দ্ব চলছিল, এইবার তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছে গেছেন। তাঁর মুখ আগের মতোই শান্ত, কিন্তু চোখে গোপন উত্তেজনা।
‘আপনার পরিচিত কেউ থাকে ওখানে?’
‘পরিচিত? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু... আচ্ছা, আগে এক্ষুনি কাউকে পাঠিয়ে দাও। ওই বাড়িতে চারু নামের একজন থাকে। চারুচন্দ্র বসু। একেবারে তোমার মতোই বয়স। কিন্তু... সে কথা থাক। ডাকতে পাঠাও কাউকে। একটা ছ্যাকরা গাড়ি ডেকে চলে যেতে বল। বাড়িটা বেশ দূরে, যেতে-আসতে সময় লাগবে। আর বাকি ছেলেদের বাড়ি যেতে বল।’
অতুল লক্ষ করলেন, কথা বলতে বলতে দ্রুত বদলে যাচ্ছে যতীনের গলা। যেন ঘুমন্ত বাঘ আড়মোড়া ভেঙে উঠে বসছে।
উঠোন ফাঁকা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। একটি ছেলেকে ঠিকানা বুঝিয়ে পাঠিয়ে দিয়ে আবার ঘরে এসে বসল অতুল। যতীন আর কথা বলছেন না। থমথমে করছে তাঁর মুখ।
‘আমাকে খুঁজছিলেন, যতীনবাবু?’
প্রায় আধঘণ্টা পর একটা অপরিচিত কণ্ঠস্বর শুনে দরজার দিকে ঘুরে তাকাল অতুল। আর এইবার ওঁর চোখ দুটো সত্যিকারের বিস্ময়ে বড়ো বড়ো হয়ে গেল।
দরজার সামনে এসে দাঁড়িয়েছে ওঁরই বয়সি একটি ছেলে। নির্ঘাত কুড়ি হয়নি এখনও। পাট করে আঁচড়ানো চুল, এই বয়সেই কপাল চওড়া হয়ে গেছে। পরনে ধুতি আর পিরান। মুখে একটু কুণ্ঠিত হাসি।
কিন্তু এসব নয়। অতুলের বিস্ময়ের কারণ ছেলেটির চেহারা।
অসম্ভব রোগাপাতলা শরীর। দেখলেই মনে হয়, এই দেহে বিন্দুমাত্র শক্তি নেই। একে যতীন্দ্রনাথ ডেকে পাঠিয়েছেন কেন?
এমন সময় হাত তুলে নমস্কার করল ছেলেটি। আর এবার অতুলের মুখটা হাঁ হয়ে গেল।
পিরানের হাতা সরে যাওয়ায় এবার দেখা যাচ্ছে, ছেলেটির ডানহাতটা সম্পূর্ণ অকেজো। সে হাতে আঙুলগুলো মুড়ে আছে ভিতরের দিকে, তালুও প্রায় অর্ধেকটা নেই।
নাহ্, একে নিশ্চয় যতীনবাবু আশু বিশ্বাসের...।
‘এসো চারু। বস। তুমি কি এখনও সেই রসা রোডেই...’
‘আজ্ঞে হ্যাঁ। হিতৈষী প্রেসেই চাকরি করছি।’
‘বেশ। অতুল, দরজাটা একটু বন্ধ করে দেবে ভাই? হ্যাঁ, যা বলছিলাম। চারু, আশুতোষ বিশ্বাস নামটা শুনেছ নিশ্চয়?’
‘কবে? কীভাবে? কী দিয়ে!’
আঁতকে উঠে ঘুরে দাঁড়াল অতুল। কী বলছে লোকটা! এই চেহারা নিয়ে!
‘কবে থেকে ভাবছি— আপনি নিশ্চয় লোকটার একটা ব্যবস্থা করবেন। ইংরেজদের আমি সহ্য করতে পারি, যতীনবাবু। হাজার হোক, তারা আমার দেশের কেউ নয়। বিদেশ থেকে এসেছে। তারা তো অত্যাচার করবেই! কিন্তু এসব মানুষ, যারা দেশের খায়, দেশের পরে, আর কাজ করে ইংরেজদের হয়ে— তাদের এই মাটিতে হেঁটে-চলে বেড়ানোর কোনো অধিকার নেই। এদের একমাত্র শাস্তি— মৃত্যু।’ এইবার চাপা রাগে গনগন করছে রুগ্ন চেহারার চারুর গলা, ‘আমার পরম সৌভাগ্য, এই কাজের জন্য আপনার আমার কথা মনে পড়েছে। কোনো পরিকল্পনা কি করেছেন?’
‘করেছি। শোনো।’
আরও মৃদু হয়ে এল যতীনের গলা। অতুল কাঠ হয়ে দাঁড়িয়েছিল দরজার কাছে। আর তাই তাঁর খেয়াল হল, যতীন একবারও তাকাচ্ছেন না চারুচন্দ্রের অকেজো হাতটার দিকে। বোঝাই যাচ্ছে, তিনি বা চারু— কেউই এই মারাত্মক অসুবিধাটিকে ধর্তব্যের মধ্যেই আনছেন না।
‘ঠিক আছে। আপাতত তুমি আশু বিশ্বাসের রোজকার চলাফেরা, অভ্যেস, বাড়ি থেকে কখন কোর্টে আসে, কখন বেরয়— এগুলো খেয়াল কর। পাশাপাশি পিস্তল চালানোটা শিখতে হবে। এটা শিখতে অবিশ্যি তোমার একটু...’ বলতে গিয়ে ইতস্তত করতে লাগলেন যতীন।
‘ও আমি সামলে নেব। আপনি চিন্তা করবেন না। মোটের উপর ব্যাপারটা জানাই আছে। আর, একটা কৌশল আমি আগে থেকেই ভেবে রেখেছি। সেটাকে একটু ঝালিয়ে নিতে হবে— এই যা।’ বলল চারু, ‘আপনি শুধু একটা পিস্তলের ব্যবস্থা করুন। বাকি সব আমার দায়িত্ব।’
রুগ্ন চেহারার চারুর মুখে এই কথাগুলো যে কী অসম্ভব বেমানান শোনাচ্ছে, সেটা স্পষ্ট বুঝতে পারছিল অতুল। কিন্তু মুখের লৌহকঠিন ভঙ্গি দেখলেই যে-কেউ বুঝতে পারবে— এই কথার নড়চড় নেই। আশু বিশ্বাসের জীবনের শেষ লগ্ন ঘনিয়ে এসেছে।
আরও কিছুক্ষণ নীচু গলায় কথাবার্তা বলে যেমন এসেছিল, তেমনই বেরিয়ে গেল চারু। খোলা দরজাটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ একটা নিঃশ্বাস ফেলে যতীন বললেন, ‘আর সকলে কি না আমাকে বলে বাঘা যতীন! এরা আসল বাঘ এখনও দেখেনি। এইবার দেখবে।’
এর পরের কয়েকটা দিন ছায়ার মতো আশু বিশ্বাসের পিছনে লেগে রইল চারু। একটা রুগ্ন চেহারার দুর্বল মানুষকে কেউ খেয়াল করে না। তাঁর চেহারাতেও এমন কোনো বৈশিষ্ট্য নেই যে, কেউ তাঁর দিকে দু’বার ফিরে তাকাবে। আশু বিশ্বাস জানতেও পারল না, সাক্ষাৎ মৃত্যু তার পিছু নিয়েছে। সে ব্যস্ত হয়ে রইল বিপ্লবীদের সর্বনাশ করতে, তাঁদের বিরুদ্ধে মামলা সাজাতে, সাক্ষী তৈরি করতে। শুধু অনিয়মিত হাজিরার জন্য অফিসে তুমুল ধমক খেতে লাগল চারু।
ফেব্রুয়ারি মাসের দশ তারিখেও তেমনই একটা তুমুল ব্যস্ততার দিন কাটালেন আশুতোষ। বিকেলের দিকে যখন তিনি আদালত থেকে বেরিয়ে এলেন, তখনও আলিপুর জজ কোর্টের বাইরের চত্বর লোকে লোকারণ্য। তাদের মধ্য দিয়ে পথ করে নিয়ে নিশ্চিন্তে নিজের গাড়ির দিকে হাঁটতে লাগলেন পাবলিক প্রসিকিউটার আশুতোষ বিশ্বাস।
এমন সময় একটা অদ্ভুত চেহারার ছেলে এসে তাঁর পথ আগলে দাঁড়াল। ক্ষয়াটে চেহারা, পিরানের উপর একটা চাদর জড়িয়ে নিয়েছে ছোকরা। আশুবাবু বুঝতে পারলেন, এ-ও নির্ঘাত কোনো মামলার ব্যাপারে কথা বলতেই এসেছে।
‘কিছু কথা ছিল উকিলবাবু।’ নরম গলায় বলল ছেলেটা
‘এখানে নয়। কথা বলতে হলে সকালে আমার বাড়িতে আসতে হবে।’ রাশভারী চালে বললেন আশুতোষবাবু।
‘আজ্ঞে এই বলছিলাম কী...’
আশুবাবু আবার হাত তুলে বারণ করতে যাচ্ছিলেন। তার আগেই বাঁহাতের এক ঝটকায় চাদরটা খুলে ফেলল ছেলেটা।
আশুবাবুর মুখ পলকে বিবর্ণ হয়ে গেল। তাঁর চোখ বিস্ফারিত। এই মুহূর্তে তিনি যা দেখছেন, তা বিশ্বাস করা অসম্ভব।
ছেলেটির ডান হাতটি পঙ্গু। অসম্পূর্ণ আঙুলগুলো ভেতরের দিকে বাঁকা, তালুর অর্ধেকটা নেই। সেই অকেজো হাতটাতে দড়ি দিয়ে বেঁধে রাখা আছে একটা পিস্তল। মুহূর্তের মধ্যে সেই অকেজো হাতটাকে তুলে ধরে ছেলেটা নিশানা করল আশুবাবুর বুকের দিকে। তারপর বাঁহাত দিয়ে ট্রিগার টিপে দিল। পরপর গুলির শব্দে কেঁপে উঠল ব্যস্ত আদালত চত্বর।
সত্যি বলতে কী, আশুবাবুর প্রাণহীন দেহটা যখন আলিপুর কোর্টের উঠোনে লুটিয়ে পড়ল, তখনও তাঁর চোখ দুটো বিস্ময়ে বড়ো বড়ো হয়ে আছে।
পালাবার চেষ্টাই করল না চারু। উপায়ও ছিল না অবশ্য। আদালত বলে কথা। চারদিকেই পুলিশ। কাছেই দাঁড়িয়ে থাকা এক কনস্টেবল মুহূর্তের মধ্যে ছুটে এসে গ্রেপ্তার করে ফেলল তাঁকে।
হাজতে ভয়ংকর নির্মম অত্যাচার চলল। রুগ্ন দুর্বল শরীরটা যেন ছিন্নভিন্ন হয়ে গেল সেই নিষ্ঠুর অত্যাচারে। কিন্তু একটি শব্দও বের করা গেল না চারুর মুখ থেকে। জানা গেল কেবল ওঁর নামটুকু। চারুচন্দ্র বসু। কে তাঁকে বন্দুক চালানো শেখাল, আগ্নেয়াস্ত্র জোগাড় হল কী করে— সে’সবের কোনো হদিশ মিলল না। ক্রমাগত একই কথা বলে চললেন তিনি।
‘সবই নিয়তি, সাহেব। আশু বিশ্বাসের মরণ লেখা ছিল আমার হাতে। কার সাধ্য তাকে সেই মৃত্যুর হাত থেকে বাঁচায়? এ হওয়ারই ছিল। এত জেরার কী দরকার? বিচার করেও কোনো লাভ নেই। আমাকে ফাঁসি দিন। সেটাই আমার ভবিতব্য।’
ক্ষিপ্ত ইংরেজ সরকার শেষে ধৈর্য হারাল। আশুতোষ বিশ্বাসের সাংঘাতিক হত্যাকাণ্ডের পর এক মাস কাটতে না কাটতেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হল চারুচন্দ্র বসুকে। তখন ওঁর বয়স সদ্য উনিশ হয়েছে।
ক্ষুদিরাম, প্রফুল্ল, কানাইলালের পর আরও এক তরুণের প্রাণ ঝরে গেল ফাঁসির মঞ্চে। অথচ অদ্ভুতভাবে ইতিহাসের পাতা থেকে মুছে গেল চারুচন্দ্র বসুর নাম। সেই চারুচন্দ্র— এমনকি পঙ্গু শরীরও যাঁকে দেশের প্রতি কর্তব্য পালনের পথ থেকে নিরস্ত করতে পারেনি।



